যে তিন ব্যক্তিকে অবশ্যই সাহায্য করেন আল্লাহ

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ০৮:৫৫ এএম

মহান আল্লাহ বিশ্বব্রহ্মাণ্ড এবং এতে যা কিছু আছে সবকিছুর সৃষ্টিকর্তা। বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি সৃষ্টি, প্রতিটি উপাদান-উপকরণ তার নিয়ন্ত্রণাধীন। তার হুকুম ছাড়া কারও নড়াচড়া করারও শক্তি নেই। তার ইচ্ছা ও সাহায্য ছাড়া কারও কোনো কাজ করারও ক্ষমতা নেই। মানুষ যত চেষ্টাই করুক না কেন মহান আল্লাহ সাহায্য না করলে কারও পক্ষে কিছু করা সম্ভব নয়। আর যেকোনো কাজের ক্ষেত্রে নিজের চেষ্টা এবং মহান আল্লাহর সাহায্য থাকা জরুরি। যারা আল্লাহর সাাহয্য পায় তারা সফল হয়। হাদিসে এমন তিন শ্রেণির মানুষের কথা বলা হয়েছে, যাদের সাহায্য করা মহান আল্লাহর দায়িত্ব। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, হজরত রাসুল (সা.) বলেছেন, তিন ব্যক্তি এমন, যাদের সাহায্য করা মহান আল্লাহ নিজের কর্তব্য বলে নির্ধারণ করে নিয়েছেন। এক. আল্লাহর পথে মুজাহিদ। দুই. মুকাতাব গোলাম, যে চুক্তির অর্থ পরিশোধের ইচ্ছা করে। তিন. বিয়ে করতে আগ্রহী লোক, যে বিয়ের মাধ্যমে পবিত্র জীবন যাপন করতে চায়। (তিরমিজি)

যারা সৎ উদ্দেশে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কোনা কাজ করে মহান আল্লাহ তাদের সাহায্য করার প্রতিশ্রুতিও দিয়েছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘যারা আমার উদ্দেশে চেষ্টা-সংগ্রাম করবে, তাদের আমি আমার পথ দেখাব। আর আল্লাহ অবশ্যই সৎকর্মশীল লোকদের সঙ্গে আছেন।’ (সুরা আনকাবুত ৬৯) এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে বাগাভিতে বলা হয়েছে, এখানে এ নিশ্চয়তা দেওয়া হচ্ছে যে, যারা মহান আল্লাহর পথে আন্তরিকতা সহকারে পূর্ণ শক্তি ব্যয় করে তাদের মহান আল্লাহ তাদের অবস্থার ওপর ছেড়ে দেন না। বরং তিনি তাদের পথ দেখান এবং তার দিকে যাওয়ার পথ তাদের জন্য খুলে দেন। তারা তার সন্তুষ্টি কীভাবে লাভ করতে পারে তা তিনি প্রতি পদে পদে তাদের জানিয়ে দেন।

যেকোনো কাজে মহান আল্লাহর সাহায্য পেতে চাইলে আমাদের নিয়তকে আগে সহিহ করতে হবে। সেই কাজ সৎ উদ্দেশে এবং মহান আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। তাহলে মহান আল্লাহ আমাদের অবশ্যই সাহায্য করবেন। তাই আসুন, আমাদের জীবনের প্রতিটি কাজ মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করি। এতে মহান আল্লাহ আমাদের সাহায্য করবেন। ফলে আমরা দুনিয়া ও আখেরাতে সফল হব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত