অনুকূল পরিবেশ হলে শিগগিরই ফিরবেন তারেক রহমান

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ০৭:০৯ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানোর পরিবেশ এখনো আমরা তৈরি করতে পারিনি। অনুকূল পরিবেশ হলে শিগগিরই তিনি দেশে ফিরবেন। যার জন্য অল্প কিছুদিন সময় লাগবে। তবে তিনি অবশ্যই আসবেন।’ গতকাল রবিবার দুপুরে ১৫ দিনের লন্ডন সফর থেকে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সালাহউদ্দিন এসব কথা জানান। এই সফরে তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সালাহউদ্দিন বলেন, ‘বিএনপি সব সময় নতুন দলকে স্বাগত জানায়। তবে সেটা যেন কিংস পার্টির মতো না হয়। বাংলাদেশে বর্তমানে ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য গড়ে উঠেছে; তার বাস্তবায়নে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের যাওয়া উচিত। জাতীয় ঐক্যের ভিত্তিতে যতদ্রুত সম্ভব নির্বাচনের দিকে যাওয়া উচিত। ভাসা ভাসা সময় না, সবার সঙ্গে আলোচনা করে একটা সঠিক রোডম্যাপ দিতে হবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংবিধান কবর দেওয়া যায় না। সংবিধানে পরিবর্তন ও পরিবর্ধন করতে হয়।’

সালাউদ্দিন আহমেদ বলেন, ‘নির্বাচন বিলম্ব করার যেকোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে। সুতরাং, দ্রুত নির্বাচন জরুরি। নতুন দলকে স্বাগতম জানানো হবে। তারা যেন সুষ্ঠু ধারায় রাজনীতি করে।’

তারেক রহমানের সঙ্গে কী কী বিষয়ে কথা হয়েছে, এসব বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আপনারা ধীরে ধীরে এ বিষয়ে জানতে পারবেন। তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঐক্যের কথা বলেছেন।’

এর আগে গত বছরের নভেম্বরের শেষ দিকে লন্ডন সফরে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে স্ত্রীর চিকিৎসার পাশাপাশি তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত