জিসান হত্যায় ৩ জনের ফাঁসি

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ০৭:৩৯ এএম

ইউরোপিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ইসমাইল হোসেন জিসান হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। গতকাল রবিবার ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফারজানা ইয়াসমিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন হাসিবুল হোসেন ওরফে হাসিব, শ্রাবণ ওরফে শাওন ও আবদুল্লাহ আল নোমান। সজনী আক্তার নামে এক নারীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছে আদালত। আসামিদের মধ্যে শাওন পলাতক। শাওনের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। অন্য দুই আসামিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। হাসিব গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাটের মৃত রফিকুল ইসলামের ছেলে, শাওন গোপালগঞ্জ সদর উপজেলার চরগোবরার ওবায়দুল্লাহ মোল্লার ছেলে ও নোমান বাগেরহাটের মোরেলগঞ্জের পঞ্চকরণের জাকির হোসেন ওরফে খোকনের ছেলে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত