সাবেক এমপি মোস্তাফিজ-শিমুল ও তাদের স্ত্রীর বিরুদ্ধে মামলা

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ১২:৩৪ এএম

ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শিমুল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই অভিযোগে চট্টগ্রাম-১৬ আসনের সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে।

সাবেক এমপি শিমুল ও তার স্ত্রীর বিরুদ্ধে করা মামলার এজাহারে বলা হয়, সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৫ কোটি ১৪ লাখ ৯৬ হাজার ৩৪৯ টাকার অবৈধ সম্পদ অর্জন করে নিজ ভোগদখলে রাখা এবং তার ১১টি ব্যাংক হিসাবের মাধ্যমে ১৫ কোটি ৬২ লাখ ২৮ হাজার ৮০৭ টাকা সন্দেহজনক লেনদেন করেছেন। এ ছাড়া শিমুলের স্ত্রী শামীমা সুলতানা জান্নাতী ১১ কোটি ২২ লাখ ৯৩ হাজার ২৭১ টাকার অবৈধ সম্পদ অর্জন করে নিজ ভোগদখলে রাখা এবং তার নিজ নামে চারটি ব্যাংক হিসাবে ১০ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ৪৯৬ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। দুদকের প্রাথমিক অনুসন্ধানে তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অবৈধ অর্থ ব্যাংক হিসাবের মাধ্যমে স্থানান্তর ও রূপান্তরের চেষ্টার অপরাধ করায় মামলাটি করা হয়।

দুদকের ডিজি আক্তার হোসেন বলেন, শামীমা সুলতানা জান্নাতীর নামে ২০২০ সালের ১০ জানুয়ারি ১৭ লাখ ২৫ হাজার কানাডিয়ান ডলার দিয়ে কানাডার টরন্টোতে একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন বলে অভিযোগ রয়েছে। বাংলাদেশি টাকায় বাড়িটির মূল্য প্রায় ১১ কোটি টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত