সিলেট পর্বের বিপিএলের প্রথম দিনেই দুর্বার রাজশাহীর বিপক্ষে অপরাজিত ৮৬ রানের ইনিংস খেলে ফরচুন বরিশালকে জয় এনে দিয়েছিলেন তামিম ইকবাল। তবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ভালো করতে পারলেন না তিনি। ইনিংসের প্রথম বলেই রাকিম কর্নওয়ালের অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিতে সোজা ব্যাটে ডিফেন্স করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন বাঁহাতি ওপেনার।
প্রথম ম্যাচে ভালো করতে না পারা নাজমুল হোসেন শান্ত বাদ পড়েছিলেন দুর্বার রাজশাহীর বিপক্ষে শেষ ম্যাচে। যদিও দলের পক্ষ থেকে জানানো হয়েছিল মুশফিকুর রহিম কিপিং করতে না পারার কারণে শান্তর জায়গায় উইকেটকিপার প্রীতম কুমারকে খেলায় তারা। তবে পরের ম্যাচেই একাদশ থেকে জায়গা হারান প্রীতম। তরুণ এই ব্যাটারের জায়গায় ফেরানো হয় শান্তকে। ব্যাটিংয়ে নেমে আরও একবার ব্যর্থ হয়েছেন তিনি। দারুণ একটা বাউন্ডারি দিয়ে শুরু করলেও তানজিম সাকিবের বলে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন।
১২৬ রান তাড়া করতে নেমে দুই ওভারে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে ফরচুন বরিশাল।
