রাজধানীর সচিবালয়ের সামনে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির একদল শিক্ষার্থীর সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছে।
জানা গেছে, গতকাল দুপুরের দিকে স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন শিক্ষার্থীরা। দুপুরের পর শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষে চার সদস্যদের একটি প্রতিনিধিদল সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের বিকেল ৪টা ৩০ মিনিটে সাক্ষাতের কথা ছিল। অন্যদিকে বাইরে অপেক্ষা করছিলেন শতাধিক শিক্ষার্থী। অপেক্ষারত শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে বাগবিত-ায় জড়িয়ে পড়েন। পরে শিক্ষার্থীদের লাঠিচার্জ করে পুলিশ।
সরেজমিন দেখা যায়, সংঘর্ষের সময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জানান, স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে তারা সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নজরুল ইসলাম বলেন, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির কিছু দাবিদাওয়া নিয়ে শিক্ষার্থীরা প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। তাদের চারজন প্রতিনিধি শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করতে সচিবালয় যান। উপদেষ্টা সেখানে না থাকায় তার সঙ্গে দেখা হয়নি। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। সে সময় পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদুর রহমানসহ কয়েকজন আহত হন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর বলেন, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সচিবালয়ের গেটে বিশৃঙ্খলা করছিলেন। তারা গেটের ভেতরে যাওয়ার চেষ্টা করছিলেন। পুলিশ তাদের বাধা দিলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টার পাশাপাশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।
শিক্ষার্থীরা দাবি করেন, বিকেল ৪টার দিকে তাদের তিনজন প্রতিনিধি শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করে দাবি জানাতে ভেতরে যান। অন্যরা সচিবালয়ের সামনে অবস্থান নিলে পুলিশ দাঁড়াতে দেয়নি।
এ নিয়ে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফফাত জাহান কোনো মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গত মাসের শেষের দিকেও ঢাকার বনানী এলাকার কামাল আতাতুর্ক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন প্রাইম এশিয়ার শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন উপাচার্য অধ্যাপক শুভময় দত্ত।
