এক বছরে চার হাজার বর্গ কিমি এলাকা হারিয়েছে ইউক্রেন

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ০২:২৫ এএম

দুই বছরের বেশি সময় ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। চলতি সপ্তাহেও পূর্ব ইউক্রেনের সম্পদ-সমৃদ্ধ শহর কুরাখোভ দখল করার দাবি করেছে মস্কো। এদিকে শুধু ২০২৪ সালেই রাশিয়ান বাহিনী ইউক্রেনের ৪ হাজার ১৬৮ বর্গ কিলোমিটার জমি দখল করেছে। আর এই যুদ্ধে ৪ লাখেরও বেশি সৈন্য নিহত বা আহত হয়েছে রাশিয়ার। বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

ওয়াশিংটন ডিসিভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার-এর সংগৃহীত প্রমাণ অনুসারে, রুশ বাহিনী ২০২৪ সালে ইউক্রেনের ৪,১৬৮ বর্গ কিলোমিটার জমি দখল করেছে। যা ভারত মহাসাগরীয় দেশ মরিশাসের দ্বিগুণ এবং নিউ ইয়র্ক সিটির আয়তনের পাঁচগুণ। এছাড়া রাশিয়া আভদিভকা, সেলিডোভ, ভুলেদার এবং কুরাখোভ, চারটি মাঝারি আকারের ইউক্রেনের বসতির নিয়ন্ত্রণ নিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আইএসডব্লিউ।

প্রায় তিন বছর হতে চলা এই যুদ্ধে উভয় পক্ষই উল্লেখযোগ্য সংখ্যায় সৈন্য হারিয়েছে। চলতি বছর ২ জানুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রায় ৪ লাখ ৩০ হাজার রাশিয়ান সৈন্য যুদ্ধে মারা গেছেন বা আহত হয়েছেন। দেশটির তথ্য অনুযায়ী গত বছরের শেষের দিকে রাশিয়া বেশি সৈন্য হারিয়েছে।

এদিকে, রাশিয়ার সারাতোভ অঞ্চলের অ্যাঙ্গেলস শহরে ব্যাপক আকারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এ হামলায় একটি তেলের মজুদ স্থাপনায় আগুন ধরে যায়। সেখান থেকে রাশিয়ার বোমারু বিমান ঘাঁটিতে তেল সরবরাহ করা হতো। বুধবার অঞ্চলটির গভর্নর রোমান বাসারগিনের বরাতে এ তথ্য জানায় রয়টার্স। ইউক্রেনের বার্তা সংস্থা আরবিসি ইউক্রেন জানায়, এ হামলায় অ্যাঙ্গেলসে একটি তেল স্থাপনায় বিস্ফোরণসহ ৪০-এরও বেশি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

অ্যাঙ্গেলসে রাশিয়ার বোমারু বিমানের ঘাঁটি রয়েছে। এটি রাশিয়ার কৌশলগত টিইউ-১৬০ বোমারু বিমানগুলোর একটি প্রধান ঘাঁটি। এই বোমারু বিমানগুলো দিয়ে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত