স্কুলের অর্ধবার্ষিক ছুটিতে ওমরাহ পালনে ভিড়

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১২:২৯ এএম

সৌদি আরবের স্কুলগুলোতে অর্ধবার্ষিক ছুটি চলছে। ১০ দিনের এক লম্বা ছুটি। এই ছুটির ফলে ওমরাহ পালনকারীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। এটাকে দেশের নাগরিকরা তাদের সন্তানদের নিয়ে ওমরাহ পালনের উপযুক্ত সময় হিসেবে বিবেচনা করছেন।

সৌদি টেলিভিশন আল-ইখবারিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এই ছুটির সময় পবিত্র কাবা শরিফে এবং মসজিদের বাইরের চত্বরগুলোতে ওমরাহ পালনকারী ও ইবাদতকারীদের ভিড় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কাবার আশপাশের এলাকার হোটেলগুলোও প্রায় পুরোপুরি বুক হয়ে গেছে, যা এই সময়ে ওমরাহ পালনের উচ্চ চাহিদার প্রতি নির্দেশ করে। মসজিদে হারামের পরিচালনায় নিয়োজিত সংস্থা ও স্থানীয় প্রশাসন ইবাদতকারীদের জন্য নির্বিঘœ সেবা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে। মসজিদে হারাম এবং এর আশপাশের এলাকায় বিশাল সংখ্যক লোকের উপস্থিতি সামাল দিতে কর্র্তৃপক্ষ সার্বক্ষণিক কাজ করছে।

পবিত্র দুই মসজিদের দায়িত্বপ্রাপ্ত জেনারেল অথরিটি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রদত্ত এক বার্তায় ইবাদতকারীদের ভিড় এড়িয়ে শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানিয়েছে। বিশেষত বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্যও অনুরোধ করা হয়েছে।

ওমরাহর অন্যতম গুরুত্বপূর্ণ রীতি হলো তাওয়াফ, যেখানে মুসলমানরা পবিত্র কাবা শরিফ সাতবার প্রদক্ষিণ করেন। এর পাশাপাশি সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে সাতবার দ্রুত হাঁটাহাঁটি করা হয়, যা সায়ী নামে পরিচিত।

সৌদি কর্র্তৃপক্ষ ইবাদতকারীদের শান্ত পরিবেশে তাদের ইবাদত পালনের জন্য দিনের অনুকূল সময় বেছে নেওয়ার পরামর্শ দিয়েছে। সেই সঙ্গে অতিরিক্ত ভিড় এড়িয়ে পবিত্র স্থানের মর্যাদা রক্ষার অনুরোধও জানানো হয়েছে।

ওমরাহ পালনের জন্য নির্ধারিত কোনো সময় নেই, এটি সারা বছর পালন করা যায়। তবে হজের মৌসুম শেষে জুন মাস থেকে নতুন ওমরাহ মৌসুম শুরু হয়। স্কুলের মধ্য-বর্ষের এই ছুটি ওমরাহ পালনের জন্য সৌদি নাগরিকদের জন্য একটি বিশেষ সুযোগ এনে দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত