ডেপুটি পোস্টমাস্টার জেনারেলকে মারধর

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ০১:১০ পিএম

পাবনার ডেপুটি পোস্টমাস্টার জেনারেল রুহুল আমিনকে মারপিট করে অপহরণের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৮ জানুয়ারি) রাত সোয়া ৭টার দিকে মধ্য শহরের স্কয়ার সড়কের চারমাথা মোড়ে এ ঘটনা ঘটে। 

হামলার শিকার পাবনা ডেপুটি পোস্টমাস্টার জেনারেল রুহুল আমিন জানান, অফিসে দাপ্তরিক কাজ শেষে অফিসের গাড়ি প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যায় বাসার পথে স্কয়ার সড়কের কিমিয়া মোড়ে তাকে নামিয়ে দিয়ে যায়। গাড়ি থেকে নামা মাত্রই ৭ থেকে ৮ জনের সন্ত্রাসী দল রুহল আমিনের ওপর অতর্কিত হামলা চালিয়ে কিল ঘুষি ও মারপিট শুরু করে। একপর্যায়ে সন্ত্রাসীরা তাকে মারতে মারতে আব্দুল হামিদ সড়কের ডাচ বাংলা ব্যাংকের সামনে নিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। 

এ সময় তিনি চিৎকার করে সাহায্য চাইলে দুর্বৃত্তরা তাকে ফেলে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

রুহুল আমিন বলেন, আমি পাবনায় নতুন যোগদান করেছি। এখানে আমার কারও সাথে দ্বন্দ্ব নেই, কখনো কথা কাটাকাটিও হয়নি। কেন আমার ওপর হামলা হলো তার কিছুই বুঝতে পারছি না। হামলাকারীরা আমার পরিচিতও নয়। আমি খুবই নিরপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে পাবনা সদর থানায় অভিযোগ করা হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সেখানে সিসিটিভি না থাকায় কাউকে শনাক্ত করা যায়নি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত