বিএনপির দুপক্ষের সংঘর্ষ নারী-শিশুসহ আহত ৫০

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৬:০১ এএম

বাগেরহাট সদর উপজেলা বিএনপির কমিটি গঠন নিয়ে দুপক্ষের সংঘর্ষে নারী শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় আটটি বসতঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। গত বুধবার সন্ধ্যায় সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কুলিয়াদাইড় গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৫ আগস্টের পর থেকে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ওরফে রুহুল মেম্বার এবং সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমানের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটে। এরই জেরে বুধবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ সুপার তৌহিদুল আরিফ বলেন, ‘এখন পরিস্থিতি শান্ত আছে।’

এদিকে, হবিগঞ্জের লাখাই উপজেলার স্বজন গ্রামে বিলের দখল নিয়ে গত বুধবার সন্ধ্যায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩০ জন আহত হয়েছেন। 

জানা যায়, লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আরিফ আহমদ রোপণ ও বিএনপি নেতা হারিছ মিয়ার মধ্যে খাইঞ্জা নামে একটি বিলের দখল নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা চলছে। বুধবার সন্ধ্যায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লাখাই থানার ওসি বন্দে আলী জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত