প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা 

পরিমার্জনের জন্য এখনও শতভাগ বই বিতরণ সম্ভব হয়নি

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৮:২৭ পিএম

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন,  সারাদেশে প্রাথমিক পর্যায়ে প্রথম শ্রেণি থেকে ৩য় শ্রেণির শতভাগ বই ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। তবে চতুর্থ ও ৫ম শ্রেণির বই এখন শতভাগ বিতরণ করা সম্ভব হয়নি। তবে জানুয়ারি মাসের মধ্যে সব জায়গায় প্রাথমিক পর্যায়ের শতভাগ বই পৌঁছে দেওয়া হবে।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের শতবর্ষ উদযাপন উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বইগুলো পরিমার্জন করতে গিয়ে সারাদেশে এখনও শতভাগ বই বিতরণ সম্ভব হয়নি। তবে ইতিমধ্যে নতুন করে কীভাবে বই লেখা হবে সেই প্রক্রিয়া  শুরু হয়েছে। ফলে আগামী বছর প্রথম দিনেই সকল শিক্ষার্থীরা নতুন বই পাবে।

হাওরাঞ্চলের শিক্ষার মান উন্নয়নে বিষয়ে এই উপদেষ্টা বলেন, হাওরের দূর্গম এলাকায় যাতে শিক্ষকরা থাকেন সেই ব্যবস্থা করা হবে। পাশাপাশি শিক্ষকদের যে সমস্যা গুলো রয়েছে সেগুলো খুঁজে বের করে সমাধান করা হবে। পাশাপাশি হাওরাঞ্চলে ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয় মুখি করতে  মিড ডে মিল চালুর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত