চট্টগ্রামের বাঁশখালীতে গলায় ফাঁস দিয়ে বৈশাখী খাতুন (২৪) নামের এক নারী আত্মহত্যা করেছেন। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কালীপুর ইউনিয়নের ভাসানীর দোকান নেজামের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, ৫-৬ বছর আগে দিনাজপুরের মোশাররফ হোসেনের সাথে বৈশাখীর বিয়ে হয়। গুণাগরীতে একটি ভাড়া বাসায় তারা বসবাস করতেন। ঘটনার সময় মোশাররফ হোসেন তার কর্মরত প্রতিষ্ঠানের মাসিক সভায় চট্টগ্রাম শহরে এসেছিলেন।
ভাড়াটিয়ারা জানান, সকালে দরজার বাইরে তিন বছরের ছেলেকে কান্নাকাটি করতে দেখে দরজার সামনে গিয়ে ডাকাডাকি করেও সাড়া পাওয়া যায়নি। দরজায় ধাক্কা দিলে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখা যায় তাকে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে বৈশাখী খাতুনের মোবাইল উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
