নেত্রকোনা শহরের বড়বাজার এলাকা থেকে অবসরপ্রাপ্ত এক কলেজ শিক্ষকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। বসতঘরের খাটের নিচে পড়ে ছিল লাশটি। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত দিলীপ কুমার রায় (৬৬) নেত্রকোনা আবু আব্বাস ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন।
স্থানীয়দের বরাতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, স্ত্রী নিভা রাণী সাহা কয়েকদিন আগে ঢাকায় ছেলের বাসায় বেড়াতে যান। তখন থেকে দিলীপ কুমার রায় একাই বাসায় ছিলেন। শুক্রবার সকাল ১০টার দিকে নিভা রাণী ঢাকা থেকে ফিরে বাসার সামনের ফটকে তালা ঝুলানো দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় বাসার ভেতরে ঢুকে গ্রিলেও তালা ঝুলতে দেখতে পান। তিনি ও স্থানীয়রা তালা ভেঙে ঘরে ঢুকে খাটের নিচে মরদেহ পড়ে থাকতে দেখেন। অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান আরও বলেন, ‘মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে আমরা ধারণা করছি, শিক্ষক দিলীপ কুমার রায়কে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পিবিআই ছায়া তদন্ত শুরু করেছে।’
