মুন্সীগঞ্জ

থানা থেকে আসামি ছিনতাই, বিএনপির ৩ কর্মী গ্রেপ্তার

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১০:১৭ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপির ৩ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শ্রীনগর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- সিয়াম পাঠান (২৮), শুভ পাঠান (২৭) ও মো. হিমেল (৩০)। পুলিশ সুপার শামসুল আলম সরকার দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার জানান, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় শনিবার দুপুরে শ্রীনগর থানার এসআই আব্দুর রাজ্জাক বাদী হয়ে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৩১ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ২০১ জনের নামে মামলা করা হয়। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

এদিকে ছিনিয়ে নেওয়া আসামি তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে শ্রীনগর উপজেলার দেউলাভোগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গ্রেপ্তার হওয়া যুবদল নেতা তরিকুল ইসলামকে শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নিয়ে যায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তরিকুল উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত