গত মঙ্গলবার (৭ জানুয়ারি ) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রায় আট শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত হয়েছে নবীনবরণ এবং সংবর্ধনা অনুষ্ঠান। কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ও গাইড ‘সোনালিকা’ এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ওই সংবর্ধনা অনুষ্ঠান হয়েছিল।
সোনালিকার মহাপরিচালক মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকৃবি প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন, মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবু জোফর মো. মসলেহ উদ্দিন, ফিজিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহা. ইলিয়াছুর রহমান ভূঁইয়াসহ আমন্ত্রিত অন্য অতিথিরা। তারা আট শতাধিক নবীন শিক্ষার্থীর উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য এবং ক্যারিয়ারবিষয়ক পরামর্শ দেন।
বাকৃবির প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে শিক্ষিত মানুষের অভাব নেই, কিন্তু অভাব আছে সৎ ও চরিত্রবান মানুষের। এর ফলেই দেশের অবস্থা আজ মুমূর্ষু। আমাদের সব কাজেই সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখতে হবে। ব্যর্থতায় ভেঙে পড়লে চলবে না। জীবনে এগিয়ে যেতে হলে বড়দের সম্মান করতে হবে এবং সৎ উপদেশ মেনে চলতে হবে।’
নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য উপহার হিসেবে ছিল ক্রেস্ট, বই, চাবির রিং ও ওয়ালম্যাট। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।
মুসাদ্দিকুল ইসলাম তানভীর
শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
