বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নির্বাচন আগামী এপ্রিল মাসের শেষের দিকে সম্পন্ন হবে। চলতি জানুয়ারি মাসের শেষ নাগাদ নির্বাচন পরিচালনা বোর্ড এবং এ সংক্রান্ত কমিটি গঠন করা হবে।
গতকাল উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে বিজিএমইএ এর স্বচ্ছ, অবাধ, ও নিরপেক্ষ নির্বাচন বিষয়ে পোশাক শিল্পের শীর্ষ নেতাদের সঙ্গে বিজিএমইএ প্রশাসকের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এ বিষয়ে একমত হন পোশাক শিল্পের শীর্ষ নেতারা।
শনিবার বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিএমইএর নির্বাচন নিয়ে সংগঠনটির প্রশাসক আনোয়ার হোসেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুটি দল, সম্মিলিত পরিষদ ও ফোরামের শীর্ষ স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া বৈঠকে বিজিএমইএ এর গঠিত সহায়ক কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।
সভায় স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিজিএমইএ এর প্রশাসক মো. আনোয়ার হোসেন বলেন, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে সবার সার্বিক সহযোগিতায় নির্বাচনের কাজ চলছে। বৈঠকে সব পক্ষের সঙ্গে আলোচনা করে সর্বসম্মতিক্রমে ঘোষণা প্রদান করেন যে, চলতি জানুয়ারি মাসের শেষ নাগাদ নির্বাচন পরিচালনা বোর্ড এবং এ সংক্রান্ত কমিটি গঠন করা হবে এবং আগামী এপ্রিল মাসের শেষ নাগাদ নির্বাচন কার্যক্রম সম্পন্ন হবে।
এ ছাড়া বৈঠকে পোশাক শিল্পের সমসাময়িক বিভিন্ন ইস্যু, বিশেষ করে চলমান জ্বালানি সংকট, ব্যাংক ও এনবিআর সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং শিল্পের জন্য করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।
