টেকনাফের সীমান্ত বাণিজ্যে পুনরায় সচল করতে সরকার কাজ চালিয়ে যাচ্ছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০১:১৪ এএম

কক্সবাজারের টেকনাফের সীমান্ত বাণিজ্যে পুনরায় সচল করতে সরকার কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এইচ এম শফিকুজ্জামান।

তিনি বলেন, ‘মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের প্রভাবে টেকনাফ স্থল বন্দর অচল হয়ে পড়ে আছে। মিয়ানমারের যুদ্ধ সেটি তাদের অভ্যন্তরীণ বিষয়। তবে স্থলবন্দরে বন্দরের অন্ধকার কেটে যাবে। খুব দ্রুত আলোর মুখ ফিরবে। কারণ দুই দেশে পণ্যে চাহিদা থাকায় ফের পুরোদমে সীমান্ত বাণিজ্যে পুনরায় সচল হবে। সরকার সে বিষয়ে কাজ চালিয়ে যাচ্ছে।’ শনিবার (১১ জানুয়ারি) সকালে টেকনাফ স্থলবন্দর পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এইচ এম শফিকুজ্জামান শ্রম আইন অধিকারের বিষয়ে স্থলবন্দরের শ্রমিকদের সাথে বৈঠকে বসেন।

বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মো. সবুর হোসেন, যুগ্ম সচিব মাসুকুর রহমান, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন, বন্দরের ব্যবস্থাপক জসিম উদ্দিন, ম্যানেজার মো. আনোয়ার হোসেন, আমদানি কারক এনামুল হাসান ও শ্রমিক নেতা আলী আজগর মাঝি প্রমুখ।

এই স্থলবন্দরে যাতে শ্রম আইন লঙ্ঘন না হয় সেদিকে সবাই সতর্ক থাকতে আহবান জানিয়ে তিনি বলেন, ‘শ্রমিকরা যাতে তাদের ন্যায্য অধিকার পায় সেটি নিশ্চিত করতে হবে। বিশেষ করে এখানে (স্থলবন্দরে) কাজ করতে গিয়ে অনেক সময় হতাহতের শিকার হন শ্রমিকরা। আমরা তাদের (শ্রমিকদের) সহায়তায় করতে চাই। সেক্ষেত্রে কিছু নিয়ম কানুন রয়েছে। সেগুলো ফলো করতে হবে। তবে বন্দরে বাংলাদেশি শ্রমিকদের প্রথম অগ্রাধিকার দিতে হবে। এদের সবার একটা ডাটাবেজ করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত