মেঘনায় বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে নিহত ৪

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৭:৪৬ এএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে নোঙর করে রাখা বাল্কহেডের সঙ্গে রাতের অন্ধকারে দ্রুতগতির স্পিডবোটের সংঘর্ষ হয়। এতে চারজন নিহত হন। গত শুক্রবার রাত সাড়ে ৯টায় মেঘনা নদীর কালিপুরা ঘাটের অদূরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা রাতে ওদুদ ও বাবুল নামে দুজনকে উদ্ধার করে রাত ১০টায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কোস্ট গার্ডের উদ্ধার অভিযানে ঘটনাস্থলের অদূরে মাহমুদ গাজী ও নাইম নামে আরও দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার জানান, হাসপাতালে তিনজনকে আনা হয়েছিল। তাদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় আনা হয়। বাকি একজন গুরুতর আহত। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

গজারিয়ার নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নাঈম হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, নদীতে নোঙর করে রাখা বাল্কহেডের সঙ্গে রাতের অন্ধকারে দ্রুতগতির স্পিডবোটের সংঘর্ষ হয়। এতে গতকাল রাতেই দুজন নিহত হন। আর সকালে ঘটনাস্থলের অদূরে আরও দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, ঘটনাটি নিছক সংঘর্ষ নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত