অনেকটা গোপনেই বিয়ে করেছেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। সম্প্রতি যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে ঘনিষ্ঠ সূত্রের খবর।
জানা গেছে, পড়শী ও নিলয় একে অন্যের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। ২০০৮ সালে ক্ষুদে গানরাজে একই আসরের প্রতিযোগী ছিলেন তারা। এরপর একটা সময়ে বন্ধুত্ব থেকে তাদের সম্পর্ক প্রেমে রূপ নেয়। এরপর দুই পরিবারের সিদ্ধান্তে বিয়ের পিঁড়িতে বসেন তারা।
২০১০ সাল থেকে নিলয় তার পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থাকেন। গত বছর নিলয়ের পরিবার বাংলাদেশে আসে এবং মাস কয়েক এখানেই ছিলেন। এরপর পড়শী ও নিলয়ের পরিবারের সদস্যরা তাদের বিয়ের ব্যাপারে কথা বলেন। তারপর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়া হয়।
বিয়ে নিয়ে শুরুর দিকে কথা বলতে না চাইলেই সন্ধ্যা হতেই মুখ খোলেন এই গায়িকা। পড়শী বলেন, ভেবেছিলাম সুখবরটা অনুষ্ঠানের সময় দারুণ সব ছবিসহ সবার সঙ্গে ভাগাভাগি করব! তবে এর আগেই যেহেতু অনেক সাংবাদিক ভাই-বোন জানতে চাচ্ছেন এবং ফোন করছেন, তাই আপনাদের প্রতি সম্মান জানিয়ে এখনই বিষয়টি শেয়ার করছি।
এরপর এই গায়িকা জানান, তার জীবনসঙ্গীর নাম হামিম নীলয়। ১৫ বছর আগে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় তাদের পরিচয় হয়। তবে প্রেম বলতে যা বোঝায়, তাদের দুজনের মধ্যে তেমন কোনো সম্পর্ক ছিল না বলেই জানান তিনি।
এরপর বলেন, ‘জন্ম-মৃত্যু-বিয়ে’ আল্লাহর হাতে, আর সেই ভাগ্যচক্রেই আমরা একে অন্যের জীবনে এসেছিÑএটি পুরোপুরি পারিবারিক সিদ্ধান্তে।’
এই গায়িকা আরও বলেন, গত বছর ৪ মার্চ যুক্তরাষ্ট্র থেকে মাত্র কিছু দিনের জন্য দেশে এসেছিল নীলয়। তখনই দুই পরিবারের সম্মতিতে আকদ্ অনুষ্ঠান সম্পন্ন হয়। যেহেতু আমরা দুজন পৃথিবীর দুই প্রান্তে আছি এবং দুই পরিবারের আত্মীয়স্বজন, বন্ধু-শুভাকাক্সক্ষীদের ভালোবাসা ও প্রত্যাশার কথা ভেবে আমরা চেয়েছি সুন্দর সময়ে একটি অনুষ্ঠান করে বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করতে। তবে সুখবরটি আগেই ছড়িয়ে পড়ায় আমি কিছুটা বিব্রত, তবে আনন্দিতও।
সবশেষে পড়শী বলেন, খুব শিগগিরই পাত্রের দেশে আসার কথা রয়েছে। তখন একটি সুন্দর সময় দেখে দুই পরিবারের আলোচনার ভিত্তিতে বিয়ের আনুষ্ঠানিক আয়োজন করবেন।
এদিকে গেল দুই বছরেরও বেশি সময় ধরে গানের চেয়ে অভিনয়েই বেশি সরব পড়শী। এর মধ্যে তাকে নাটকেই বেশি দেখা গেছে। এর বাইরে তিনি সিনেমাতেও অভিনয় করেছেন, তাও ৮ বছর আগে। ২০১৬ সালে শাকিব খানের সঙ্গে ‘মেন্টাল’ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন এই গায়িকা। কিন্তু এরপর তাকে আর বড় পর্দায় দেখা যায়নি।
চলচ্চিত্রের কাজ তার জন্য দুঃসাহসিকতা বলেও মনে করেন এই শিল্পী। তার ভাষ্য, ‘আমি যেটি করেছি, পুরোটাই পছন্দের জায়গা থেকে। যেহেতু আমি পেশাদার না, সেই জায়গাতে এমন দুঃসাহস করতেও যাব না।’
এর আগে ছোট পর্দায় কাজ করার অভিজ্ঞতা জানিয়ে পড়শী বলেন, ‘আমার প্রথম নাটকের কাজটা বেশ জটিল ছিল। আমাকে এক রকম ঘাড় ধরেই নাটকটিতে কাজ করানো হয়েছিল। আমি একদমই করতে চাইনি, কারণ আমি বেশ ভয় পাচ্ছিলাম। হ্যাঁ, এটি আলাদা জায়গা; যেহেতু গানের মানুষ, গান গাইব এটাই স্বাভাবিক। গানের পাশাপাশি যখন অভিনয়টা করছি, সে ক্ষেত্রে আলাদা একটি এক্সাইটমেন্ট কাজ করে। ভালোলাগার এক্সাইটমেন্ট, ভয় সবকিছুই। অভিনয়ের ব্যাপারটা হলো পুরোটাই শখের বশে করা, তাছাড়া কিছু না। প্রধানত আমি গায়িকা, তাই গান নিয়েই পুরোটা থাকা হয়।’
আগামীতে প্রযোজনাতেও দেখা যাবে এই গায়িকাকে। আসছে ভালোবাসা দিবসে পড়শীর প্রযোজনাতে আসবে নতুন নাটক। গান, অভিনয়ের পাশাপাশি এখন থেকে নাটক প্রযোজনাতেও থাকবেন এই গায়িকা।
