‘পুষ্পা-২’ সিনেমার প্রিমিয়ারে গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়। এ কারণে আইনি জটিলতায় পড়েছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন। গত ডিসেম্বর মাসে তাকে এ মামলায় জেলেও যেতে হয়েছে। সম্প্রতি জামিন দেওয়ার পাশাপাশি অভিনেতাকে যেখানে ইচ্ছে সেখানে ছাড়পত্র দিয়েছে নামপল্লী আদালত। এবার আরও বড় স্বস্তি পেলেন আল্লু। প্রতি রবিবার তাকে চিকারপল্লী থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। তার ভিত্তিতেই আল্লুর আইনজীবী সুপারস্টারের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রতি রবিবার হাজিরার নির্দেশ মওকুফের জন্য পাল্টা আবেদন জানান। এরই পরিপ্রেক্ষিতে নামাপল্লী আদালতের পক্ষ থেকে জানানো হলো, এবার থেকে প্রতি রবিবার আর থানায় হাজিরা দিতে হবে না।
গতকাল নামাপল্লী আদালতের পক্ষ থেকে আল্লু অর্জুন এই ছাড়পত্র পেয়েছেন। জানা গেছে, ২০২৫ সালের এপ্রিল মাস থেকেই নতুন সিনেমার শুটিং শুরু করবেন আল্লু অর্জুন। সেই নতুন সিনেমার জন্যই সম্ভবত সম্প্রতি তিনি লুক পরিবর্তন করেছেন। সিনেমার শুটিংয়ের জন্য বিদেশে যাওয়ার ছাড়পত্র মিলেছে অভিনেতার। এর আগে আল্লু অর্জুন যে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন এর মেয়াদ ১০ জানুয়ারি শেষ হয়েছে। এর আগেই গত শুক্রবার হায়দরাবাদের আদালতে সন্ধ্যা থিয়েটারের দুর্ঘটনা-সংক্রান্ত এই মামলার শুনানি ছিল। সেখানে বিচারক অভিনেতার আইনজীবী ও পুলিশের বক্তব্য শোনেন। এরপরই আল্লুকে রেগুলার জামিন দেওয়া হয়। অভিনেতার আইনজীবী বলেন, ‘৫০ হাজার রুপির দুটি বন্ডের বিনিময়ে এই জামিন। এর পাশাপাশি প্রত্যেক রবিবার আল্লুকে থানায় দিয়ে তদন্তকারী অফিসারকে রিপোর্ট করতে হবে।’
