ম্যানসিটির গোল উৎসব

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

ইংলিশ ফুটবলের চতুর্থ স্তরে খেলে সালফোর্ড সিটি। তবে এই দলটাকে ছদ্মবেশী ম্যানচেস্টার ইউনাইটেড বললে ভুল হবে না। দলটির মালিক ম্যানইউর সাবেক খেলোয়াড়দের কয়েকজন। ফুটবল ডিরেক্টর ও সাবেক ম্যানইউ তারকা রায়ান গিগস। তবে এফএ কাপের তৃতীয় রাউন্ডে সেই সালফোর্ডকে নিয়ে গোল উৎসব করেছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদে গুনে গুনে দুই হালি গোল দিয়েছে তারা। হ্যাটট্রিক করেছেন জেমস ম্যাকাটি। মজার বিষয় ম্যাকাটির জন্ম সালফোর্ড শহরে।

ম্যাচটি চতুর্থ স্তরের দলের বিপক্ষে, তাই সিটির কোচ পেপ গার্দিওলা বেঞ্চে রেখেছিলেন আর্লিং হালান্ড, কেভিন ডি ব্রুইনসহ নিয়মিত একাদশে থাকা বেশ কয়েকজনকে। তবু সিটির হয়ে ম্যাচে গোল করেছেন ৫ জন। ৬২, ৭২ ও ৮১ মিনিটে ৩ গোল করে হ্যাটট্রিক পূরণ করেন জেমস ম্যাকাটি। সর্বশেষ দুই মৌসুম শেফিল্ডে ধারে থাকা এই উইঙ্গারের এটি ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। ২২ বছরের ম্যাকাটি উঠে এসেছেন সিটির অ্যাকাডেমি থেকেই। ম্যানসিটি মূল দলের হয়ে তিনি খেলেছেন ১৮ ম্যাচ। এই মৌসুমে মাত্র তৃতীয়বার সিটির হয়ে পুরো ৯০ মিনিট খেললেন তিনি। ম্যাকাটি এর আগে ৯০ মিনিট করে খেলেছেন লিগস কাপের ম্যাচে। এছাড়া সালফোর্ডের বিপক্ষে জেরেমি ডকু দুটি (৮ ও ৬৯ মিনিট) এবং ডিবিন মুবামা (২০), নিকো ও’রেইলি (৪৩) ও জ্যাক গ্রিলিশ (৪৯) একটি করে গোল করেন। গ্রিলিশ ও ডকু দ্বিতীয় গোলটি করেছেন পেনাল্টি থেকে।

সালফোর্ড নিজেদের আগের ৬ ম্যাচে কোনো গোল হজম করেনি। হতাশ সালফোর্ড সিটির কোচ কার্ল রবিনসন ম্যাচশেষে বলেন, ‘‘কেউ যদি বলত, ‘৭ ম্যাচে ৮ গোল হজম করো’, সেটার পক্ষে ছিলাম। কিন্তু এক ম্যাচে ৮ গোল হজম মানতে পারছি না।” মাঠে বসে খেলাটি দেখেছেন সালফোর্ড সিটির সহ-মালিক ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক খেলোয়াড় পল স্কোলস ও নিকি বাট। দলটির মালিকানায় আরও আছেন গিগস, গ্যারি নেভিল, ফিল নেভিল ও ডেভিড বেকহ্যাম।

এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে বড় জয় পেয়েছে চেলসি। ব্লুজরা মোরেকাম্বেকে হারিয়েছে ৫-০ গোলে। ম্যাচে দুটি করে গোল করেছেন জোয়াও ফেলিক্স টসিন আদারাবিওয়ো। একটি গোল করেন ক্রিস্টফার এনকুনকু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত