বাংলাদেশের ভোট নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের বৈঠক

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৭:২৯ এএম

বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন হওয়া এবং সেই নির্বাচনে যুক্তরাষ্ট্র ও ভারত কীভাবে সহযোগিতা করতে পারে, তা নিয়ে সম্প্রতি দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে বৈঠক হয়েছে। গত শনিবার কলকাতায় আমেরিকান সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানিয়েছেন ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিক গারসেটি।

ভারতের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মতবিনিময় সভায় এরিক গারসেটি জানান, গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান এবং ভারতের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা অজিত দোভালের মধ্যে বৈঠক হয়েছে এবং সে বৈঠকের একটি বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশ এবং সম্ভাব্য নির্বাচন। তিনি আরও বলেন, ‘আমি নিজে সেই বৈঠকে উপস্থিত ছিলাম। আলোচনায়ও অংশ নিয়েছি। বাংলাদেশ ইস্যুতে আমাদের আলোচনার মূল বিষয় ছিল নির্বাচন। কীভাবে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে এবং এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ভারত কীভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে এই নিয়েই মূলত আলোচনা হয়েছে।’

আলোচ্যসূচিতে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার ইস্যুটিও ছিল উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং আসন্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়ই বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তার ব্যাপারে গুরুত্বারোপ করেছেন। আসলে আমরা সবাই বাংলাদেশকে একটি স্থিতিশীল, উন্নয়নমুখী ও সহনশীল দেশ হিসেবে দেখতে চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত