এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৭:৪৩ এএম

রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় দুই কম্পিউটার ব্যবসায়ীকে কুপিয়ে আহতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন আসিফুল হক আসিফ ওরফে ঝন্টু (৩২) ও মো. কাউসার মৃধা (২৪)। গতকাল রবিবার দুপুরে নিউ মার্কেট থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

একই দিন সকালে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, মাল্টিপ্ল্যান সেন্টারের কমিটির নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এক মাস আগে ওই মার্কেটে একটি নির্বাচন হয়। নির্বাচনসংশ্লিষ্ট একটি বিরোধ তাদের মধ্যে আগে থেকেই ছিল। আমাদের ধারণা এই নির্বাচনের কারণে ঘটনা হতে পারে অথবা অন্য কোনো কারণেও হতে পারে। তবে আসামিদের না ধরা পর্যন্ত মূল বিষয়টা আমরা এখনই বলতে পারব না। আমরা চেষ্টা করছি।

এর আগে গত শুক্রবার রাতে রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনের রাস্তায় দুই কম্পিউটার ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টার দিকে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে অবস্থান করছিলেন কয়েকজন যুবক। সবার পরনে শীতের পোশাক ও মুখে মাস্ক ছিল। ওই যুবকরা হঠাৎ করেই রামদা ও চাপাতি বের করে একটি গাড়িতে হামলা চালায়। এ ছাড়া গাড়ির বাইরে থাকা আরেকজনকে উপর্যুপরি কোপাতে শুরু করে। আহতরা হলেন এলিফ্যান্ট রোড কম্পিউটার সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল হক ও সভাপতি ওয়াহিদুল হাসান দিপু।

ব্যবসায়ীদের ধারণা, মার্কেটে আধিপত্য বিস্তার, দখল ও ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে এ হামলার ঘটনা ঘটেছে।

ব্যবসায়ীকে কুপিয়ে আহতের ঘটনায় মো. ওয়াহিদুল হাসান দিপুর অভিযোগের পরিপ্রেক্ষিতে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে নিউ মার্কেট থানায় একটি মামলা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত