রাজধানীর কেরানীগঞ্জ কালিগঞ্জ গার্মেন্টস পল্লীর তেল ঘাটে মার্কেটের জায়গার মালিকানা কেন্দ্র করে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার দুপুরের পর এ ঘটনা ঘটে।
জানা যায়, ২০০৮ সালে তেলঘাটের একটি জায়গা ক্রয় করেন ব্যবসায়ী রফিক শেখ। ওই জায়গার ওয়ারিশ-সংক্রান্ত একটি মামলা থাকলে কোর্টের মাধ্যমে মামলাটির সমাধান করে আসমা টাওয়ার নামে একটি মার্কেট নির্মাণ করেন তিনি। জায়গার ওয়ারিশ দাবিদাররা গত ১৭ বছরে এ জায়গার বিষয়ে কিছু না বললেও গত ১২ জানুয়ারি লোকজন নিয়ে আসমা টাওয়ার মার্কেটে এসে মার্কেটের সাইনবোর্ডে খুলে আহমেদ টাওয়ার নামে সাইনবোর্ড টানিয়ে দিয়ে যায়। পরে রফিক শেখ তার লোকজন নিয়ে গিয়ে আহমেদ টাওয়ার নামক সাইনবোর্ড খুলে দেয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলে ঘটনা স্থলে পুলিশ আসে। পরে বিএনপির দক্ষিণ কেরানীগঞ্জ থানা সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় তেলঘাটের রফিক টাওয়ারে অবস্থিত রফিক শেখের অফিসে এলে কিছু দুষ্কৃতকারী নিপুণ রায় ও পুলিশের উপস্থিতিতে রফিক শেখের অফিসে হামলা চালায়।
এ সময় নিপুণ রায়ের সামনেই অফিসের সব কিছু লুটপাট করে নিয়ে যাওয়া হয় এবং রফিক শেখের অফিসের কর্মীদের পিটিয়ে আহত করা হয়।
