গাজীপুরের কোনাবাড়িতে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে দুই ভাইকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে। আহতরা হলেন- কোনাবাড়ি থানার এশরারনগর এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে সজল খান (৩২) ও জিসান (১৯)। তারা গত দুই দিন ধরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহত ঝুট ব্যবসায়ী সজল খান জানান, তিনি মহানগরের বিভিন্ন এলাকার পোশাক কারখানা থেকে ঝুট কেনেন। তার ব্যবসা হস্তান্তর করতে স্থানীয় সানজিদ, আকাশ, সাইফুল বিভিন্ন সময় তাকে হুমকি দিয়ে আসছিল। গত শনিবার রাতে তারা দুইভাই বাসায় ফিরছিলেন। রাত সাড়ে ৮টার দিকে কোনাবাড়ি তেঁতুলতলা মোড় এলাকায় পৌঁছলে সানজিদ, আকাশ. সাইফুলের নেতৃত্বে ১০/১২ জন তাদের পথরোধ করে। এ সময় তাদের লাঠি, হেলমেট দিয়ে মাথাসহ শরীরের বিভিন্নস্থানে পেটানো হয়।
পরে আহতাবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
কোনাবাড়ি থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, তেঁতুলতলা মোড় এলাকায় মারধরের একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে এ ব্যাপারে কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
কুকুরে টেনে আনা সালোয়ারে মিলল নিখোঁজ নারীর মরদেহ