কুকুরের টেনে আনা সালোয়ারে মিলল নিখোঁজ নারীর মরদেহ

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৬:৪৮ পিএম

অপরহণের একমাস ৯ দিন পর মুন্সীগঞ্জ সদরে নির্জন বাগানে মাটিচাপা অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম হালিমা বেগম (৩৫)। সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে জেলা সদরের চরাঞ্চল চরকেওয়ার ইউনিয়নের ফুলতলা গ্রামের একটি বাগানে মাটিচাপা অবস্থায় ওই লাশ উদ্ধার করা হয়। 

নিহত হালিমা সদর উপজেলার বাংলাজার ইউনিয়নের ভাষানচর দক্ষিণকান্দি গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী। 

সদর থানার ইন্সপেক্টর তদন্ত সজিব দে জানান, সোমবার বিকেলে নির্জন বাগানের ভেতর থেকে দুর্গন্ধ ভেসে আসলে তার উৎসের সন্ধানে গিয়ে স্থানীয়রা সেখানে একটি গর্ত দেখতে পায়। একই সঙ্গে গর্তের ভেতর থেকে কুকুরের টেনে আনা নারীর সালোয়ার দেখেন। এতে থানায় খবর দিয়ে পুলিশ তাৎক্ষণিক সেখানে ছুটে যায়। এ সময় গর্তের ভেতর মাটি অবস্থায় লাশ উদ্ধার করেন তারা। পরে সালোয়ার দেখে স্বজনরা হালিমার লাশ শনাক্ত করেন। 

তিনি আরও জানান, গত ৫ ডিসেম্বর হালিমাকে অপহরণ করার অভিযোগ উঠে। এ ঘটনায় ওই বছরের ১৭ ডিসেম্বর হালিমা বেগমের স্বামী দেলোয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামি করে সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলা রুজুর পরদিন ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শামায়ন নামে ফুলতলা গ্রামের একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ওই ব্যক্তি বর্তমানে জেল হাজতে রয়েছে। ধারণা করা হচ্ছে নারীকে যেদিন অপহরণ করা হয়েছিল, সেদিনই মেরে এখানে মাটি চাঁপা দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত