চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও উপসচিব ওএসডি

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১২:১৫ এএম

ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও উপসচিব। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (কলেজ) মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পরীক্ষা নিয়ন্ত্রক এ এম এম মুজিবুর রহমান এবং উপসচিব (প্রশাসন) বেলাল হোসেনকে ওএসডি করা হয়েছে। গত কয়েক বছর ধরে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক সচিব নারায়ণ চন্দ্র নাথকে (বর্তমানে ওএসডি) কেন্দ্র করে সৃষ্ট জটিলতার পর এবার আরো দুই কর্মকর্তাকে ওএসডি করা হলো। 

রবিবার (১২ জানুয়ারি) স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই দুই কর্মকর্তাকে ওএসডি করার পাশাপাশি দুই জনকে প্রেষণে নিয়োগ দেয়া হয়। পরীক্ষা নিয়ন্ত্রক পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. পারভেজ চৌধুরী এবং উপসচিব প্রশাসন হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন সাতকানিয়া সরকারি কলেজের গণিতের সহযোগী অধ্যাপক মো. মোরশেদ আলম।

এর আগে গত সপ্তাহে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর আমিরুল মোস্তফাকে সরকারি সালেহ আহমদ কলেজে বদলি করা হয়। এই পদে প্রেষণে নিয়োগ দেয়া হয় নওঁগা সরাকরি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিনকে। 

উল্লেখ্য, চট্টগ্রাম শিক্ষা বোর্ড সাম্প্রতিক সময়ে ফলাফল জালিয়াতিসহ নানা অনিয়মের কারণে আলোচিত ছিল। এরমধ্যে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেচ সচিব প্রফেসর ড. নারায়ণ চন্দ্র নাথের ছেলের ফলাফল জালিয়াতির বিষয়টি অনেক দূর পর্যন্ত গড়িয়েছে। ছেলে নক্ষত্র দেব নাথের এইচএসসি পরীক্ষার ফলাফল বাতিলও করে চট্টগ্রাম শিক্ষাবোর্ড। এই ঘটনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে তৎকালীন সচিব নারায়ণ চন্দ্র নাথকে প্রথমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলে পরিচালক পদে বদলি ও পরবর্তীতে ওএসডি করা হয়। বর্তমানে তখনকার সময়ের আলোচিতদের মধ্যে বাকি আছেন চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত