বিএনপিকে বলব সমন্বিত কর্মসূচি দিন : অলি আহমদ

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৩:০২ এএম

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, ‘আমরা আপাতত বিএনপির সঙ্গে আছি। বিএনপিকে বলব সমমনা দলগুলোকে ডেকে একটা সমন্বিত কর্মসূচি দেন। অন্তর্বর্তী সরকারকে সময় দিয়ে বলেন, এই সময়ের মধ্যে আপনারা কাজ সম্পন্ন না করলে আপনাদের বিরুদ্ধে রাজপথে নামব।’ গতকাল সোমবার মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাম্প্রতিক সময়ে বিএনপি-জামায়াতের নেতাদের ‘রেষারেষি’ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কর্নেল অলি বলেন, ‘এটা দুঃখজনক। জাতীয় রাজনীতি করলে সব কথার উত্তর প্রকাশ্যে দিতে হয় না।’

নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে সাম্প্রতিক আলোচনার বিষয়ে অলি আহমদ বলেন, ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে। নতুন দল আসুক কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নয়।’

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে অলি আহমদ বলেন, ‘সরকারকে বলব এমন কিছু করবেন না, যে আপনাদের অবস্থা হাসিনার মতো না হয়। আপনারা জনরোষে পড়ার কাছাকাছি চলে আসছেন। উপদেষ্টারা যা ইচ্ছা তাই করছেন। যুবকদের বলব, মুক্তিযুদ্ধকে খাটো করে দেখার কিছু নেই।’

‘ভারতের সঙ্গে দেশবিরোধী সব চুক্তি স্থগিত’-এর দাবি জানিয়ে তিনি বলেন, ‘কারও তদারকিতে বাংলাদেশ চলবে না। জনগণকে অসহায় অবস্থায় রেখে যেতে চাই না। কোনো দল বা মন্ত্রীর সেবা দাস হয়ে কাজ করব না।’ ভারতের উদ্দেশে এলডিপির চেয়ারম্যান বলেন, ‘আমাদের সঙ্গে ফাইজলামো করে কোনো লাভ হবে না। ভারত থেকে গরু, মুরগি, ডিম, পেঁয়াজ আনার দরকার নেই। নিজের ওপর বিশ^াস রাখি, আল্লাহর ওপর আস্থা রাখি।’

সংবাদ সম্মেলনে এলডিপি মহাসচিব ডক্টর রেদোয়ান আহমদসহ পার্টির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত