ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার সকালে বারিধারার চীনের দূতাবাসে এ বৈঠক হয়। বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা বৈঠকে দেশের বর্তমান সার্র্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তবে বৈঠক শেষে দুই পক্ষের কেউই এ বিষয়ে কোনো বক্তব্য দেননি।
পরে মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের প্রয়াত সহধর্মিণী ঝর্ণা রায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশ নেন।
দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের মির্জাপুরে বাসভবনে গয়েশ্বর চন্দ্র রায়সহ পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই শ্রাদ্ধ অনুষ্ঠান হয়। মহাসচিব ছাড়াও দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, নিতাই রায় চৌধুরীসহ বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা, ব্যবসায়ী, শিক্ষক, আইনজীবী, প্রকৌশলীসহ নানা পেশার কয়েক হাজার মানুষজন অংশ নেন।
অতিথিদের অভ্যর্থনা জানান, গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্র অমিতাভ রায় এবং তার সহধর্মিণী নিপুণ রায় চৌধুরী। অনুষ্ঠান স্থলে প্রয়াত ঝর্ণা রায়ের প্রতিকৃতির সামনে নীরবে দাঁড়িয়ে তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আগতরা। অতিথিদের সুকৃতি ভোজে আপ্যায়ন করা হয়। গত ২৯ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে পরলোকগমন করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দুই মেয়ে এক ছেলে রেখে গেছেন।
