শতাধিক পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট বাড়ানোয় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ভ্যাট বৃদ্ধি, টিসিবির ট্রাক সেল বন্ধ ও ৪৩ লাখ পরিবার কার্ড বাতিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা সরকারের সমালোচনা করেন। এ সময় দলটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, অন্তর্বর্তী সরকার স্বৈরাচারীর পথে হাঁটছে; এটা দেশের জনগণ দেখতে চায় না।
ভ্যাট বাড়িয়ে জনগণের পকেট থেকে ১২ হাজার কোটি টাকা তুলে নেওয়ার সিদ্ধান্ত বাতিলেরও দাবি জানিয়েছেন তিনি।
তিনি বলেন, এ সিদ্ধান্তের ফলে সাধারণ জনগণের জীবন আরো দুর্বিষহ হয়ে উঠবে। গ্যাসের দামসহ অনেক পণ্যের ভ্যাট বৃদ্ধির ফলে অনেক ক্ষেত্রে উৎপাদন ব্যাহত হবে, বিনিয়োগ কমবে এবং কর্মহীন মানুষের সংখ্যাও বাড়বে।
রুহিন হোসেন প্রিন্স বলেন, বিশ্বব্যাংকের সিদ্ধান্তের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়ে জনগণের স্বার্থ রক্ষা করতে হবে। ভ্যাটের নামে অপ্রত্যক্ষ কর বাড়ানোর মধ্য দিয়ে সাধারণ জনগণের পকেট কাটত স্বৈরাচারী শাসকরাই।
সিপিবির প্রেসিডিয়াম সদস্য শাহিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ-বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, কেন্দ্রীয় কমিটির সম্পাদক লূনা নূর, কেন্দ্রীয় কমিটির সদস্য জলি তালুকদার প্রমুখ। গতকাল বিকেলে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরানা পল্টনে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
