র‌্যাগিংয়ের ঘটনায় বাকৃবির ২৮ শিক্ষার্থী হল থেকে বহিষ্কার

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৪:১১ এএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে নবীন শিক্ষার্থীদের ওপর র‌্যাগিংয়ের ঘটনায় ৫৩ জন অভিযুক্তকে শনাক্ত করেছে হল প্রশাসন।

তাদের মধ্যে ২৮ জন শিক্ষার্থী সোহরাওয়ার্দী হলের বৈধ আবাসিক শিক্ষার্থী এবং বাকি ২৫ জন নন-অ্যাটাচডভাবে হলে অবস্থান করছিলেন। বৈধ আবাসিক শিক্ষার্থীদের ১ বছরের জন্য হল থেকে বহিষ্কার এবং নন অ্যাটাচডদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্ব স্ব অ্যাটাচড হলে ফেরত পাঠানো হয়।

গতকাল সোমবার সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক মো. বজলুর রহমান মোল্যা হলের বৈধ শিক্ষার্থীদের বহিষ্কার আদেশ দেন।

বিশ্ববিদ্যালয়ের অর্ডিনেন্স অনুযায়ী হলে শৃঙ্খলা পরিপন্থী কাজে সম্পৃক্ত থাকার কারণে তাদের বহিষ্কার করা হয় বলে জানান প্রভোস্ট অধ্যাপক মো. বজলুর রহমান মোল্যা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, বাকৃবির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. মুনির হোসেন, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. আনিছুর রহমান মজুমদার, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোহাম্মদ সাইফুল্লাহ, অন্য হলের প্রভোস্ট উপস্থিত ছিলেন। জানা যায়, বহিষ্কৃতদের মধ্যে ওই হলের লেভেল-১, সেমিস্টার-২, লেভেল-২, লেভেল-৩, লেভেল-৪ এবং মাস্টার্সের শিক্ষার্থী রয়েছে।

সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক মো. বজলুর রহমান মোল্যা বলেন, অভিযুক্তরা নতুন ভর্তিকৃত ছাত্রদের র‌্যাগিং করেছে। গোপনে তারা এই কাজ করেছে। পরে তথ্যের ভিত্তিতে ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে আমরা তাদের শনাক্ত করেছি। অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার ও করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হলসমূহের প্রভোস্ট, শিক্ষক এবং কর্মকর্তাদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স এর ৭ নম্বর ধারা মোতাবেক হল থেকে তাদের ১ বছরের জন্য বহিষ্কার করে দেওয়া হয়েছে। সোহরাওয়ার্দী হলের ২৮ জন এবং নন অ্যাটাচ ২৫ জন অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত