বেক্সিমকোর বন্ধ ১৬ কারখানা খোলার দাবিতে মানববন্ধন

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১০:০২ পিএম

গাজীপুর মহানগরীর সারাব এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া ১৬ কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে চন্দ্রা-নবীনগর সড়কের পার্শ্ববর্তী চক্রবর্তী এলাকায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করেনন চাকরি হারানো শ্রমিকরা।

গত ১৫ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভার সিদ্ধান্তের পর ওই ১৬ কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, বন্ধ হওয়া ১৬ টি কারখানা খুলে দেওয়ার দাবিতে কয়েক দফা শ্রমিকরা চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। সর্বশেষ গত ২১ ডিসেম্বর ওই কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এরপর তারা আর কোনো বিক্ষোভ না করে বৃহৎ মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন।

মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য শ্রমিকরা লিফলেট ও বিতরণ করেন। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকাল আটটা থেকে কয়েক হাজার শ্রমিক গাজীপুর মহানগরীর চক্রবর্তী এলাকায় জড়ো হতে থাকেন। সকাল ৯টা থেকে শুরু হয় মানববন্ধন। মানববন্ধন জিরানি এলাকা থেকে আশুলিয়ার নবীনগর এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

কারখানার শ্রমিক ও টিম লিডার মোস্তাফিজুর রহমান বলেন, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আমাদের মানববন্ধন কর্মসূচি চলেছে। এরপরেও কারখানা খুলে দেওয়া না হলে আমারা যারা টিম লিডার রয়েছি তারা বসে নতুন শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করা হবে।

জিরানি বাজার এলাকায় অবস্থান করা লিডার হাবিবুর রহমান বলেন, আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সব কারখানার ব্যাংকিং ব্যবস্থা পুনরায় চালু করা এবং অন্যান্য বকেয়া রয়েছে সেগুলো দিতে হবে। আমাদের দাবি আদায় না হলে পুনরায় নতুন কর্মসূচি দেওয়া হবে।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবু তালেব বলেন, বেক্সিমকোর ১৬টি কারখানা প্রায় এক মাস আগে বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানা খুলে দেওয়ার দাবিতে সকাল থেকে তারা ঢাকাগামী সড়কের পাশে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত