দানি ওলমো ও পাউ ভিক্টরের নিবন্ধন নিয়ে লা লিগা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) বিরুদ্ধে কড়া অভিযোগ তুলেছেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। তাদের সিদ্ধান্ত ক্লাবকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি ক্লাবের ভেতর থেকে যারা তাকে পদত্যাগ করতে বলেছিল, তাদেরও তীব্র সমালোচনা করেছেন লাপোর্তা।
গত গ্রীষ্মকালীন দলবদলে দানি ওলমো ও পাউ ভিক্টরকে দলে টানে বার্সেলোনা। কিন্তু লা লিগার ব্যয়ের সীমা বিবেচনায় ২০২৪-২৫ মৌসুমের প্রথম ভাগের জন্যই কেবল তাদের নিবন্ধন করতে পেরেছিল কাতালান ক্লাবটি।
মৌসুমের বাকি সময়ে এই দুই খেলোয়াড়ের নিবন্ধনের আবেদন গত মাসে খারিজ করে বার্সেলোনার দুটি আদালত। আদালতের রায়কে সমর্থন জানিয়ে লা লিগা ও আরএফইএফ জানায়, বার্সেলোনা নির্ধারিত সময়সীমার (৩১ ডিসেম্বর) মধ্যে ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের শর্ত পূরণের প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে। এ কারণেই ওলমো ও ভিক্টরের নিবন্ধন বাতিল করা হয়।
লা লিগার নিয়ম অনুযায়ী, এক মৌসুমে যাদের নিবন্ধন বাতিল করা হয়, তাদের পুনরায় নিবন্ধনের সুযোগ নেই। তবে বার্সেলোনা এই সিদ্ধান্তের বিরুদ্ধে স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের (সিএসডি) কাছে আপিল করে। চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত গত সপ্তাহে সিএসডি এই দুই খেলোয়াড়কে অস্থায়ী নিবন্ধন দেয়।
মঙ্গলবার প্রায় দুই ঘণ্টার সংবাদ সম্মেলনে লাপোর্তা দাবি করেন, বার্সেলোনা সময়মতো ওলমো ও ভিক্তরের নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব নথি সরবরাহ করেছিল।
সংবাদ সম্মেলনে বার্সা সভাপতি বলেন, 'ক্লাবের ভেতরে-বাইরের অনেকেই আমাদের অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ এক মুহূর্তে ক্লাবটিকে ধ্বংস করতে চায়। কিন্তু বার্সেলোনা ১২৫ বছরের ঐতিহ্যের একটি ক্লাব। যারা আমাদের কবর দিতে চায়, তাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে।'
লা লিগা ও ফেডারেশনের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় লাপোর্তা বলেন, 'এই ধরনের সিদ্ধান্ত আমাকে কখনো পদত্যাগে বাধ্য করতে পারত না। আমরা হাল ছাড়িনি এবং প্রতিক্রিয়া দেখিয়েছি। এর মধ্যেই আমরা সুপার কাপ জিতেছি। তবে লা লিগা ও ফেডারেশন ক্লাব, খেলোয়াড় ও ম্যানেজারদের অস্থিতিশীল করার চেষ্টা করেছে।'
ওলমো ও ভিক্টরকে অস্থায়ী নিবন্ধনের সিদ্ধান্তের সমালোচনা করে বিবৃতি দেওয়া আতলেতিকো মাদ্রিদ, ভালেন্সিয়া ও এস্পানিওলকে তোপ দেগেছেন লাপোর্তা, 'আমার খারাপ লাগে, যখন দেখি কিছু ক্লাব আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটি একেবারেই অপ্রাসঙ্গিক এবং আমাদের জন্য বিস্ময়কর ছিল। তবে সবারই মতামত দেওয়ার অধিকার আছে। আমরা কৃতজ্ঞ তাদের প্রতি, যারা আমাদের বিপক্ষে যায়নি।'
বার্সেলোনা ওলমো-ভিক্টরের নিবন্ধন নিয়ে লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছেন লাপোর্তা। চূড়ান্ত রায় কী হয়, সেটির জন্য এখন অপেক্ষা করছে কাতালান ক্লাবটি।
বশিরের পর সাকিব, ভারত সফরে ভিসা জটিলতায় ইংলিশ পেসার
রুবলেভকে হারিয়ে ফেদেরারের কথা বললেন ফনসেকা