সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার ভাষ্য, সব ক্ষেত্রেই প্রয়োজনীয় সংস্কার দরকার, কিন্তু সেটা নিয়ে বেশি দেরি করা উচিত হবে না। ১৭ বছর দেশের মানুষ ভোট দিতে পারেননি। তারা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করতে উদগ্রীব হয়ে আছেন।
গতকাল মঙ্গলবার সকালে রাজশাহী নগরের শহীদ জিয়া শিশুপার্ক এলাকায় স্থানীয় যুবদল আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।
রিজভী বলেন, ড. মুহাম্মদ ইউনূস সাহেবের সরকারকে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। উনি একজন গুণী মানুষ। তিনি বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছেন। কিন্তু তাকে কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে যদি কেউ ফেলে, তাহলে মানুষের মধ্যে প্রশ্ন জাগে।
