ডোবায় মাছ ধরা নিয়ে মুন্সীগঞ্জ সদরে এক বিএনপির কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার চরাঞ্চলের চর বাংলাবাজার গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে বাংলাবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বুরজাহান মিজি, সদস্য নাসু সরকার ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বজুল মোল্লার বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত বিএনপিকর্মী নজু মোল্লাকে (৪৫) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নজু মোল্লা বলেন, আমার কৃষিজমির পাশের ডোবা থেকে আমাকে না জানিয়ে মাছ ধরে নিয়ে যাচ্ছিলেন আওয়ামী লীগ নেতা বুরজাহান মিজি, নসু সরকার, স্বেচ্ছাসেবক লীগ নেতা বজলু মোল্লাসহ তাদের লোকজন। আমি নিষেধ করলে এলোপাতাড়ি কুপিয়ে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে হাসপাতালে নিয়ে আসে।
সদর থানার ওসি মো. সাইফুল আলম বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
