ম্যানচেস্টার সিটি নিজেদের ওয়েবসাইটে ১ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওর একেবারে শেষে ক্লাবের সমর্থকদের জন্য খুশির খবর দিয়ে নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড বলেছেন, ‘প্রিয় ডিফেন্ডাররা, আমি দুঃখিত। আমি এখানে থাকতেই এসেছি।’
হ্যাঁ, ম্যানচেস্টার সিটির সঙ্গে নতুন চুক্তিতে সই করেছেন হালান্ড। চুক্তি অনুযায়ী, ২০৩৪ সালের জুন পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের হয়েই খেলবেন এই স্ট্রাইকার।
২০২২ সালের জুলাইয়ে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড থেকে ৬ কোটি ইউরো ট্রান্সফার ফিতে সিটিতে যোগ দেন হালান্ড। তারপর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে ১২৬ ম্যাচে ১১১ গোল করেছেন তিনি। এর মধ্যে রয়েছে ২০২২–২৩ মৌসুমে প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগের ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা।
সিটির সঙ্গে আগের চুক্তি ছিল ২০২৭ সাল পর্যন্ত। তবে নতুন চুক্তি অনুযায়ী, আরও সাড়ে ৯ বছর ইতিহাদ স্টেডিয়ামে থাকবেন হালান্ড। চুক্তির মেয়াদ শেষে তাঁর বয়স হবে ৩৪ বছর।
নতুন চুক্তির পর হালান্ড বলেছেন, ‘আমি নিজেকে আরও বিকশিত করতে চাই এবং সিটির হয়ে আরও সাফল্য অর্জনে কাজ চালিয়ে যেতে চাই।’
সিটির বিদায়ী ফুটবল পরিচালক তিকি বেগিরিস্তাইন বলেছেন, ‘এই চুক্তি ক্লাবের প্রতি হালান্ডের ভালোবাসার প্রতিফলন। আমরা তার সঙ্গে ভবিষ্যতের আরও সাফল্য ভাগাভাগি করতে মুখিয়ে আছি।’
হালান্ডের বর্তমান বাজারমূল্য ২০ কোটি ইউরো। নতুন চুক্তির ফলে তিনি এখন প্রিমিয়ার লিগের দীর্ঘমেয়াদি চুক্তির শীর্ষে উঠে এসেছেন। এর আগে চেলসির কোল পালমার ও নিকোলাস জ্যাকসন ২০৩৩ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়ে ছিলেন।
