অস্ট্রেলিয়ান ওপেন জিতলে শরীরে ‘ক্যাঙ্গারু’ ট্যাটু আঁকবেন আলকারাজ

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৬:৩১ পিএম

গ্র্যান্ড স্লাম জয়ের স্মৃতি শরীরে ট্যাটু হিসেবে তুলে রাখার অভ্যাস রয়েছে কার্লোস আলকারাজের। ২১ বছর বয়সী এই স্প্যানিশ তারকা যদি অস্ট্রেলিয়ান ওপেন জিততে পারেন, তবে তার পরবর্তী ট্যাটু হবে ‘ক্যাঙ্গারু’। মেলবোর্ন পার্কে এই শিরোপা জিতলে সর্বকনিষ্ঠ পুরুষ হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম পূর্ণ করবেন তিনি।

শুক্রবার তৃতীয় রাউন্ডে ৩৩ নম্বর বাছাই পর্তুগালের নুনো বোর্গেসকে ৬-২, ৬-৪, ৬-৭ (৩), ৬-২ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে জায়গা করে নিয়েছেন আলকারাজ। ম্যাচের পর মজা করে তিনি বলেন, 'ক্যাঙ্গারু, নিশ্চিত! এখান থেকে শুধু ট্রফি তুলতেই বাকি। তবে পরিকল্পনা আগে থেকেই ঠিক করা।'

এর আগে আলকারাজ নিজের শরীরে ট্যাটু করেছেন ২০২২ সালে ইউএস ওপেন জয়, ২০২৩ সালে উইম্বলডনে জয়ের প্রতীক ‘স্ট্রবেরি’, এবং ফ্রেঞ্চ ওপেন জয়ের স্মারক হিসেবে আইফেল টাওয়ার। এবার মেলবোর্নে চ্যাম্পিয়ন হলে তিনি ক্যাঙ্গারু ট্যাটু করার ইঙ্গিত দিলেন।

ম্যাচের তৃতীয় সেটে কিছুটা ধাক্কা খেয়েছিলেন আলকারাজ। টানা ভুলের কারণে টাইব্রেকারে ৬-২ গেমে পিছিয়ে পড়েন তিনি। ব্যাকহ্যান্ড, ফোরহ্যান্ড এবং সার্ভিস রিটার্নে একের পর এক ভুল তার ছন্দ নষ্ট করে দেয়। তবে চতুর্থ সেটে দ্রুত ঘুরে দাঁড়ান তিনি।

ম্যাচের চতুর্থ সেটের শুরুর দিকে ব্রেক পয়েন্ট পেয়ে নিজের পরিচিত উদ্দীপনামূলক চিৎকার ‘ভামোস’ দেন আলকারাজ। এক অসাধারণ পয়েন্টে তিনি প্রতিপক্ষের লব রিটার্ন করতে পিছনে ছুটে গিয়ে ফোরহ্যান্ড পাসিং শটে পয়েন্ট জেতেন। মাটিতে পড়ে যাওয়ার পর জয় উদ্‌যাপনে দর্শকদের আরও বেশি করতালির আহ্বান জানান তিনি।

গ্র্যান্ড স্লামের প্রতি নিজের আকাঙ্ক্ষা নিয়ে আলকারাজ বরাবরই স্পষ্টভাষী। এ বছর অস্ট্রেলিয়ান ওপেন জিততে চান তিনি, পাশাপাশি ক্যারিয়ারে যত বেশি গ্র্যান্ড স্লাম সম্ভব, জিততে চান। 'আমার প্রধান লক্ষ্য যত বেশি গ্র্যান্ড স্লাম জেতা সম্ভব, তা জেতা,' বলেছেন তিনি।

চতুর্থ রাউন্ডে আলকারাজের প্রতিপক্ষ হতে পারেন ব্রিটেনের জ্যাক ড্রেপার বা অস্ট্রেলিয়ার আলেক্সান্ডার ভুকিচ। এই দুই সপ্তাহে তার পারফরম্যান্স মেলবোর্নের দর্শকদের মুগ্ধ করেছে, যা তাকে নিজের লক্ষ্য পূরণের পথে এগিয়ে নিচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত