বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘যুক্তরাজ্যের একজন এমপি দুর্নীতি করেছে এমন উদাহরণ পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু টিউলিপ সিদ্দিকের রক্ত শেখ পরিবারের। তাই সেখানকার এমপি হওয়ার পরেও টিউলিপ সিদ্দিকী দুর্নীতিতে জড়িয়েছেন।’ গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এটিএম খালেদের শাহাদতবার্ষিকী আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘টিউলিপ সিদ্দিকী লন্ডনে বড় হয়েছে লেখাপড়া করেছে। ইংল্যান্ডের একজন এমপি দুর্নীতি করবে এটা স্বপ্নেও ভাবা যায় না। কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ পরিবারের। ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন সেই লাইন সে ক্রস করতে পারেনি। আর করতে পারেনি বলেই তার বিরুদ্ধে এই অভিযোগগুলো দুর্নীতির প্রমাণগুলো এখন বেরিয়ে আসছে।’
রিজভী বলেন, ‘আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বেশি অপমানিত করেছে। মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অবদান তুলনামূলক কম। দলটির ভেতর রাজনৈতিক উন্নয়নের কথা নেই। তারা মনে করত তাদের রাজনীতির বাইরে গেলেই সবাই অপরাধী।’
বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগের দুর্নীতির বর্ণনা করে শেষ করা যাবে না। তারা উন্নয়নের নামে টাকা পাচার করেছে।’
এ সময় ভারত কী কারণে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এমন প্রশ্নও তুলে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘আজকে শেখ হাসিনা কী স্ট্যাটাসে ভারত আছে? শেখ হাসিনার দুইটা পাসপোর্ট দুটাই বাতিল হয়েছে। তারপরও কী স্ট্যাটাসে ভারত তাকে রাখে কীভাবে? এত বড় একজন দুর্নীতিবাজ ছাত্র-জনতা হত্যাকারী তাকে ভারত রাখে কীভাবে?’
