মামলা-হয়রানি থেকে অব্যাহতি চেয়ে আইন উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০২:১৯ পিএম

ব্যবসায়ী ও সমাজসেবক মো. ইসহাক দুলালকে ঢাকার শাহজাহানপুর থানায় দায়ের করা ‘মিথ্যা মামলা’ থেকে অব্যাহতি দিতে আইন উপদেষ্টা এবং প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়েছে ভুক্তভোগী পরিবার। শনিবার জাতীয় প্রেসক্লাবে মাওলানা আকরাম হলে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা।

পরিবারের অভিযোগ, অনৈতিক সুবিধার জন্য প্রকৃত অপরাধীদের আড়াল করতে অরাজনৈতিক ব্যক্তি ইসহাক দুলালকে টার্গেট করে মিথ্যা মামলা করেছে শাহজাহানপুর থানা পুলিশ। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত থাকার পরও জামিন পাচ্ছেন না তিনি।

শাহজাহানপুর থানা পুলিশ অরাজনৈতিক ব্যক্তিদের হয়রানি করছে অভিযোগ করে ইসহাক দুলালের ছেলে ইমরান হোসেন হিমেল বলেন, ‘আমার বাবাসহ আমাদের পরিবারের সবাই ছাত্র-জনতা ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন। তারপরও আমার বাবার নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে হাজতে পাঠিয়েছে। এখন পর্যন্ত জামিন দিচ্ছে না।’

তিনি বলেন, ‘আমরা আওয়ামী লীগের সাথে জড়িত ছিলাম না। ছাত্রজনতার আন্দোলনের সাথে জড়িত ছিলেন। আমার বাবাকে যখন গ্রেপ্তার করে তখন ছাত্রজনতার আন্দোলনে জড়িত থাকার নানা প্রমাণ দেখানোর পরও ছেড়ে দেয়নি এবং অনৈতিক সুবিধার জন্য পুলিশ হয়রানি করছে। এছাড়াও স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা এ বিষয়ে হস্তক্ষেপ করলেও আইনশৃঙ্খলা বাহিনী তাতে কর্ণপাত করেনি।’

ইসহাক দুলালের মেয়ে জামাই সালাউদ্দিন খন্দকার বলেন, এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হাজতে থাকায় নেমে এসেছে দুর্বিষহ দুর্ভোগ। এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইন উপদেষ্টা ও প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। 

এ সময় ইসহাক দুলালের পরিবারের পক্ষ থেকে শাহজাহানপুর থানায় নতুন ওসি নিয়োগ দেয়ার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইসহাক দুলালের বড় ভাই (অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন) বীর মুক্তিযোদ্ধা এম এ কদ্দুস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত