আলবিসেলেস্তে স্পিরিট যুক্তরাষ্ট্রে আনতে চান পচেত্তিনো

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০৬:০২ পিএম

টিম স্পিরিটে অনন্য আর্জেন্টিনা কী করে দেখাতে পারে তা গত কয়েক বছর ধরেই প্রত্যক্ষ করছে ফুটবল বিশ্বকাপসহ চারটি বৈশ্বিক শিরোপা, টানা অপরাজিত থাকার মতো কীর্তি উপহার দিয়েছে আলবিসেলেস্তেরা। যুক্তরাষ্ট্রের কোচ হওয়ার পর নিজের দেশের এই স্পিরিটই দলে আনতে চাইছেন মরিসিও পচেত্তিনো।

বর্তমানে দক্ষিণ ফ্লোরিডায় মেজর লিগ সকার খেলা যুক্তরাষ্ট্রের ফুটবলারদের নিয়ে কাজ করে চলেছেন পচেত্তিনো। শনিবার রাত ২টায় ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র। এ ম্যাচ দিয়েই যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে মাঠের দায়িত্ব শুরু হবে তার।

এর আগে অনুশীলনে দলের ফুটবলারদের মগজে এই তত্ত্বই ঢুকিয়ে দিতে চাইছেন টটেনহাম, চেলসি ও পিএসজির সাবেক এ কোচ। বলেছেন, 'আর্জেন্টিনা থেকে আমি এখানে যে বিষয়টি প্রয়োগ করতে পারি, তা খুবই সাধারণ—প্রতিযোগিতার মানসিকতা। আর্জেন্টাইন খেলোয়াড়রা প্রতিযোগিতা করে, তাদের মানসিকতা ভিন্ন। যখন তারা বল হারায়, তারা ফিরে পেতে সংগ্রাম করে। যখন তারা ম্যাচ হারে, হয়তো পুরো এক সপ্তাহ ঘর থেকে বের হতে চায় না।'

পচেত্তিনো যোগ করেন, 'আপনি কীভাবে আপনার প্রতীক, আপনার পতাকা রক্ষা করবেন? কীভাবে আপনার পরিচয়, আপনার সংস্কৃতি রক্ষা করবেন? আমি মনে করি এটাই আমরা আমাদের খেলোয়াড়দের মধ্যে স্থানান্তর করতে চাই। কারণ, যখন আপনি জাতীয় দলের হয়ে খেলবেন এবং আপনার জাতীয় সঙ্গীত শুনবেন, তখন আপনার গায়ে, মনের ভেতর কিছু অনুভূত হওয়া উচিত।

২০২৬ সালের জুনে মেক্সিকো ও কানাডার সঙ্গে আয়োজক দেশ হিসেবে বিশ্বকাপ খেলবে যুক্তরাষ্ট্র। এ জন্যই পচেত্তিনোর মতো হাই প্রোফাইল কোচ নিয়োগ দিয়েছে দেশটি। বিশ্বকাপের পচেত্তিনোর মিশনগুলো হলো মার্চে কনকাকাফ নেশনস লিগ ফাইনাল এবং জুনে গোল্ড কাপ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত