সাইফকে ছুরিকাঘাত কাণ্ডে আরও ১ জন আটক 

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০৭:০৪ পিএম

সাইফ আলি খানের উপর হামলার দেড় দিন পার। শুক্রবার ২৪ ঘণ্টা চিরুনি তল্লাশি চালিয়ে বান্দ্রা স্টেশন থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছিল মুম্বাই পুলিশ। তবে প্রাথমিক জেরার পর শাহিদ নামক ওই ব্যক্তিকে ‘নিরাপরাধ’ বলে ছেড়ে দেওয়া হয়। 

এরপর আজ শনিবার হাওড়াগামী জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে আটক আরও এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশ।

আরপিএফ সূত্রে খবর, “মুম্বাই পুলিশের দেওয়া তথ্যসূত্র ধরেই সাইফের উপর হামলাকাণ্ডে মধ্যপ্রদেশ থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। সন্দেহভাজন ওই ব্যক্তির নাম আকাশ। আপাতত তাকে জেরা করা হচ্ছে।” 

আরপিএফ-এর তরফে জানানো হয়েছে, “মুম্বাই পুলিশ ওই সন্দেহভাজন ব্যক্তির ছবি, ট্রেনের নম্বর এবং লোকেশন পাঠিয়েছিল। মুম্বাই থেকে হাওড়া যাওয়ার সময় তাকে আটক করা হয়। সন্দেহভাজন ব্যক্তি আপাতত আরপিএফ-এর হেফাজতে। মুম্বাই পুলিশের একটি টিম মধ্যপ্রদেশে এসে নিশ্চিত করবে যে এই সেই ব্যক্তি কিনা, যাকে তারা খুঁজছিল।” 

প্রসঙ্গত, শুক্রবার দিনভর একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পরও আততায়ী অধরা। এদিকে মুম্বাই পুলিশ একাধিক টিম গঠন করে সাইফের বাড়ির সব পরিচারিকা, কর্মীদের জেরা করা শুরু করেছে। তল্লাশি চালানো হচ্ছে পড়শিদের বাড়িতেও। একাংশ আবার সাইফের উপর হামলা কাণ্ডে আন্ডারওয়ার্ল্ড কানেকশন খুঁজতে ব্যস্ত। যদিও সেই জল্পনা শুক্রবার নস্যাৎ করে দিয়েছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী। 

তার সংযোজন, “হামলাকারীর একমাত্র উদ্দেশ্য ছিল চুরি করা।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত