ঝিনাইদহ সদর উপজেলার উত্তর বাদপুকুর গ্রামে নিখোঁজের সাত দিন পর বাড়ির পাশের একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে রফিকুল ইসলাম রুবেল (৩৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার বিকেলে ঝিনাইদহ সদর থানার পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত রফিকুল ইসলাম রুবেল একই গ্রামের নুরুজ্জামানের ছেলে।
স্থানীয়রা জানান, গত ১১ জানুয়ারি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন রফিকুল। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। এ ঘটনায় রফিকুলের বাবা ১২ জানুয়ারি ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল দুপুরে বাড়ির পাশের একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।’
