যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফোনালাপ করেছেন। নিজের শপথ অনুষ্ঠানে শি’কে আমন্ত্রণ জানানোর পর শুক্রবার দুই নেতার মধ্যে এ ফোনালাপ হয়। এর ঠিক কয়েক ঘণ্টা আগে আগামীকাল সোমবার ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ভাইস প্রেসিডেন্ট হান ঝেংকে ওয়াশিংটনে পাঠানোর ঘোষণা দেয় চীন।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই ফোনালাপকে যুক্তরাষ্ট্র ও চীনের জন্য খুব ভালো বলে অভিহিত করেন। তিনি বলেন, বাণিজ্যিক ভারসাম্য, ফেন্টানিল, টিকটকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। ট্রাম্প ওই পোস্টে লেখেন, এটি আমার আশা যে, আমরা একত্রে বহু সমস্যার সমাধান করতে পারব এবং তা অবিলম্বে শুরু হবে। এই পৃথিবীকে আরও শান্তিপূর্ণ ও নিরাপদ করার জন্য প্রেসিডেন্ট শি এবং আমি সাধ্যমতো সবকিছু করব।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, ফোনালাপের সময়ে ট্রাম্পকে তার নির্বাচনী বিজয়ের জন্য শি শুভেচ্ছা জানান। আগামী চার বছর যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের উন্নয়নের বিষয়ে তার এবং নবনির্বাচিত প্রেসিডেন্টের গভীর প্রত্যাশা রয়েছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভিতে প্রকাশিত শি’র বক্তব্যে বলা হয়, আমরা উভয়ই আমাদের মধ্যে আলাপকে খুব গুরুত্ব দিচ্ছি। আমরা উভয়ই আশা করছি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই নতুন মেয়াদে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের সূচনা হবে। আমরা উভয়ই চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও এগিয়ে নিতে চাই, যাতে নতুন করে এই সূচনা পর্ব থেকে আমরা আরও অগ্রগতি সাধন করতে পারি। শি বলেন যদিও বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে মতপার্থক্য থাকবে, তবু প্রধান বিষয়টি হচ্ছে, পরস্পরের মূল স্বার্থ ও প্রধান উদ্বেগগুলোর প্রতি সম্মান প্রদর্শন এবং সমস্যার যথার্থ সমাধান খুঁজে বের করা।
এদিকে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান ঠা-া আবহাওয়ার কারণে এবার ক্যাপিটল হিলে আয়োজন করা হবে। সোমবার যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনের ভেতর এই অনুষ্ঠান হবে। গত ৪০ বছরে প্রথমবারের মতো কোনো প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে এমন পরিবর্তন ঘটেছে। শুক্রবার ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, দেশ জুড়ে আর্কটিক শীতপ্রবাহ চলছে। আমি চাই না কেউ আঘাতপ্রাপ্ত বা আহত হোক।
অভিষেক ভাষণ, প্রার্থনা ও অন্য বক্তৃতাগুলো যুক্তরাষ্ট্র ক্যাপিটল রোটুন্ডায় আয়োজিত হবে। সর্বশেষ ১৯৮৫ সালে দেশটিতে ঠা-ার কারণে রিপাবলিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের দ্বিতীয় শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন ঘরের ভেতরে করতে হয়েছিল। তখন তাপমাত্রা মাইনাস ২৩ থেকে মাইনাস ২৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গিয়েছিল।
