বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) আজ দেশের এফডিআই হিটম্যাপ উন্মোচন করেছে। এটি একটি তথ্যনির্ভর কাঠামো যা ১৯টি সম্ভাবনাময় খাতে বিদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে সহায়ক ভূমিকা পালন করবে। হিটম্যাপটি ভবিষ্যৎ বিনিয়োগ প্রচার ও কৌশলগুলোর জন্য একটি কৌশলগত দিকনির্দেশনা প্রদান করবে।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘এফডিআই হিটম্যাপ শুধু একটি পরিকল্পনা নয়, বরং আমাদের ভবিষ্যৎ বিনিয়োগ প্রচেষ্টার জন্য একটি রূপরেখা। আমরা যেকোনো রোডশো, দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি বা নীতিগত সহায়তা এই তথ্যনির্ভর বিশ্লেষণ অনুযায়ী পরিচালনা করব।’
বিডার ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নহিয়ান রহমান রোচি বলেন, ‘বাংলাদেশের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি থাকা সত্ত্বেও, এফডিআই বর্তমানে জিডিপির মাত্র ০.৫%-এ অবস্থান করছে, যেখানে বৈশ্বিক গড় ৩-৪%। হিটম্যাপ এই প্রবণতা পাল্টে দিতে এবং খাতভিত্তিক অগ্রাধিকার প্রদান, বিনিয়োগকারী বাজার সনাক্তকরণ এবং জাতীয় লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ কৌশল তৈরিতে সাহায্য করবে।’
