নিখোঁজের তিন দিন পর সিরাজগঞ্জের বেলকুচিতে নদী থেকে আবু বকর সিদ্দিক আবির (১৪) নামে এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার মেঘুল্লা গ্রামের যমুনার শাখা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আবু বকর সিদ্দিক আবির বেলকুচি পৌর এলাকার চালা কলেজ পাড়া গ্রামের আব্দুল্লাহ মামুনের ছেলে ও মুকুন্দগাঁতি হাফিজিয়া মাদরাসার ছাত্র।
বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকালে নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জানা যায়, গত শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে সে মাদরাসা থেকে বাড়িতে আসে। রাতের খাবার নিয়ে সে ওইদিন বিকালে আবারও মাদরাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই নিখোঁজ ছিল। স্বজনরা তার সন্ধান না পেয়ে শনিবার (১৮ জানুয়ারি) বেলকুচি থানায় একটি জিডি করেন।
সিরাজগঞ্জ সদর নৌ পুলিশের উপ-পরিদর্শক আলতাফ হোসেন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় বেলকুচি থানায় মামলার প্রস্তুতি চলছে।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ বিশ্বকে কীভাবে প্রভাবিত করবে?
চরিত্র না পাল্টে পোশাক পরিবর্তন করে লাভ নেই: সারজিস