শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ এলাকার বিএনপি কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গত রবিবার রাতে সদর পৌরসভার স্বর্ণঘোষ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জানা যায়, গত ৫ আগস্টের পর শরীয়তপুর পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের স্বর্ণঘোষ এলাকায় একটি ক্লাবঘর নির্মাণ করে স্থানীয় বিএনপি ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এরপর সেখানে তারা নিয়মিত তাদের দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছিল। রবিবার রাতে একদল দুর্বৃত্ত কার্যালয়টির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ল্যাপটপ, টিভি, চেয়ার-টেবিলসহ বিভিন্ন জিনিসপত্র লুটপাট শেষে ভাঙচুর চালায়। এরপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দীর্ঘ প্রচেষ্টার পর ভোর রাতে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা ও শরীয়তপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রানা মোল্লা বলেন, ‘আমরা প্রতিনিয়ত এই ক্লাবে সময় দিয়ে থাকি। মধ্যরাতে আমাদের ক্লাবটিতে দুর্বৃত্তরা ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগ করে। এই ঘটনায় যারা জড়িত তাদের বিচার দাবি করছি।’
৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ মোল্লা বলেন, ‘কে বা কারা রাতের আঁধারে ক্লাবের সব লুট করে এবং আগুন ধরিয়ে দেয়। এ ঘটনা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে তাদের শাস্তির দাবি জানাই।’ শরীয়তপুর সদরের পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, ‘গভীর রাতে দুর্বৃত্তরা বিএনপির একটি কার্যালয়ের তালা ভেঙে ভাঙচুর করেছে ও পোস্টারে অগ্নিসংযোগ করেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করেছি। বিষয়টি তদন্ত চলছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
