থানার প্রতিটি অলিগলিতে ওসিদের পদচারণা থাকবে

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৩:০৯ এএম

যেকোনো উদ্ভূত সমস্যা তাৎক্ষণিক মোকাবিলা করার জন্য থানার প্রতিটি অলিগলিতে ওসিদের পদচারণা থাকতে হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। গতকাল সোমবার বিকেলে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ডিএমপির ৫০টি থানার অফিসার ইনচার্জদের (ওসি) সঙ্গে মতবিনিময়কালে তাদের তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ভুক্তভোগী বা পুলিশি সেবাপ্রত্যাশী সবার সঙ্গে ভালো আচরণ করতে হবে। থানায় কর্মরত অধীনস্থ সবাইকে নিয়ে নিয়মিত ব্রিফিং করতে হবে। আল্লাহ আমাদের মানুষের নিরাপত্তার যে দায়িত্ব দিয়েছেন, তা সঠিকভাবে পালন করতে হবে। মানুষ যাতে ন্যায়বিচার পায়, এজন্য সঠিক পথে চলতে হবে।

মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করলে তথ্য পাওয়া যায় উল্লেখ করে তিনি বলেন, ওসিদের থানার প্রতিটি অলিগলিতে ঘুরতে হবে, মানুষের সঙ্গে মিশতে হবে। তথ্য বেশি পেলে অপরাধ ঘটার আগে ব্যবস্থা নিতে পারবেন। এছাড়া মামলাযোগ্য সব ঘটনায় যথাসময়ে মামলা নিতে এবং জিডির বিষয়ে যথাযথ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে স্বল্পতম সময়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

থানা এলাকার নিরাপত্তা জোরদার করার বিষয়ে তিনি বলেন, ‘অযথা যেসব মাইক্রোবাস বা প্রাইভেটকার ঘোরাঘুরি করে, সেগুলো তল্লাশি করতে হবে। ছিনতাই প্রতিরোধে বিশেষ করে ভোর বেলায় পুলিশি টহল আরও জোরদার করতে হবে। চাঁদাবাজ যেই হোক, তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।’

মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার ওসিদের কাছ থেকে থানায় পুলিশি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের কথা শোনে পর্যায়ক্রমে তা সমাধানের আশ্বাস দেন।

সভায় ভাটারা থানার এএসআই মো. মেসবাহ উদ্দিনকে ৫০ হাজার টাকা অর্থ পুরস্কার দেন ডিএমপি কমিশনার। তিনি এএসআই মো. মেসবাহ উদ্দিনের সাহসিকতাপূর্ণ কাজের ভূয়সী প্রশংসা করেন এবং অন্য পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন।

এ ছাড়া উত্তরা পশ্চিম থানার ওসি ও মোহাম্মদপুর থানার ওসিকে পেশাদার ছিনতাইকারীদের গ্রেপ্তার করায় পুরস্কৃত করা হয়। গত বুধবার সন্ধ্যায় ভাটারার জে-ব্লক এলাকায় ছুরিকাঘাতে আহত হওয়া সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে ওই এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও ছিনতাইকারী মো. মোবারক হোসেন নাফিজকে (২২) গ্রেপ্তার করেন এএসআই মেসবাহ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত