আনচেলত্তি-সিমিওনের খোঁচাখুচি চলছেই

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৩:৪৭ পিএম

রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি এবং আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনের মধ্যকার উত্তেজনা যেন ক্রমশ বেড়ে চলেছে। সাম্প্রতিক মন্তব্যের মাধ্যমে সিমিওনে আবারও সেই বিতর্কের আগুনে ঘি ঢেলে দিয়েছেন। এবার সরাসরি আনচেলত্তির স্মৃতিশক্তি নিয়ে কটাক্ষ করেছেন সিমিওনে।

কোপা দেল রেতে সেল্তা ভিগোর বিপক্ষে রিয়ালের ৫-২ গোলের জয়ের পর এই বিতর্ক নতুন করে মাথাচাড়া দেয়। ওই ম্যাচে সেল্তাকে রেফারি একটি প্রাপ্য পেনাল্টি দেননি বলে অভিযোগ ওঠে। এ নিয়ে সিমিওনে বলেন, ‘এটা আজকের ঘটনা নয়। এই বিষয়টি ১০০ বছর ধরেই চলছে। আমি জানি না কেন মানুষ এতে অবাক হচ্ছে।’

সিমিওনের এমন বক্তব্যের জবাব দিতে দেরি করেননি আনচেলত্তি। তিনি বলেন, ‘গ্যালারির মন রক্ষা করতে এরকম কথা বলতে হয়। রিয়াল মাদ্রিদের ১২৫ বছরের ইতিহাস সবার জানা। আমার ধারণা, এই ইতিহাসই কারও কারও গায়ে কাঁটার মতো বিঁধছে।’ তবে এখানেই থামেনি দুই কোচের বাকযুদ্ধ। নতুন করে পাল্টা মন্তব্য করে সিমিওনে বলেন, ‘আমি সহকর্মীদের মন্তব্যের জবাব সাধারণত দেই না। আমি শুধু অতীতের কিছু বিষয় স্মরণ করিয়ে দিতে চেয়েছিলাম। এটা খুবই স্বাভাবিক। রিয়াল দারুণ দল এবং তারা ভালোই খেলছে। তবে তারা যখন অন্য দল নিয়ে কথা বলে, তখন তাদের কথায় অন্যরকম সুর থাকে।’

এ সময় সিমিওনে ২০১৭ সালের চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে আনচেলত্তির একটি পুরনো মন্তব্যের কথা উল্লেখ করেন। ওই সময় আনচেলত্তি রিয়ালের বিপক্ষে বায়ার্নের হারকে ‘অন্যায্য’ এবং ‘অস্বাভাবিক’ বলে আখ্যা দিয়েছিলেন। সিমিওনে বলেন, ‘যদি কেউ ২০১৭ সালের সেই ম্যাচে ফিরে যায়, দেখবে আনচেলত্তি মাঠের ঘটনার পরিপ্রেক্ষিতেই কথা বলেছিলেন।’ এখন সিমিওনের এই মন্তব্যের জবাবে আনচেলত্তি কী বলেন, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে।

দুই কোচের এই উত্তেজনা যেমন চলছে, তেমনি দুই দলের মধ্যেও লিগ টেবিলে উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা চলছে। ২০ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে, আর আতলেতিকো ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে। সবকিছু যেভাবে এগোচ্ছে, তাতে দুই দলের এই লড়াই আরও তীব্র হবে বলে আশা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত