রাগে ম্যানইউ ড্রেসিংরুমের টিভি ভাঙলেন আমোরিম

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৯:১১ পিএম

ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ৩-১ গোলের পরাজয়ের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচ রুবেন আমোরিম। খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করতে গিয়ে ড্রেসিং রুমের বড় স্ক্রিন টেলিভিশন ক্ষতিগ্রস্ত করেছেন তিনি।

এই পরাজয়ের মধ্য দিয়ে আমোরিমের অধীনে ইউনাইটেড তাদের শেষ ১৫ ম্যাচে সপ্তমবারের মতো হার দেখলো। ম্যাচ শেষে ড্রেসিং রুমে খেলোয়াড়দের সমালোচনা করতে গিয়ে তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পারায় টেলিভিশন ভেঙে ফেলেন, যা ম্যাচের আগে কৌশল বিশ্লেষণে ব্যবহার করা হয়।

ইউনাইটেডের ভেতরের একাধিক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার ইউরোপা লিগে রেঞ্জার্সের বিপক্ষে ম্যাচের আগে এই টিভি মেরামত করতে হবে।

সাধারণত ম্যাচের পরপরই আমোরিম নীরব থাকেন এবং পরবর্তী দিনে ঠান্ডা মাথায় বিশ্লেষণ করেন। তবে ব্রাইটনের বিপক্ষে দলের হতাশাজনক পারফরম্যান্সের পর তিনি তার আবেগ ধরে রাখতে পারেননি। খেলোয়াড়দের শৃঙ্খলার অভাব এবং কৌশলগত ভুলে অতিষ্ঠ হয়ে পড়েন তিনি।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে আমোরিম বলেন, 'আমরা ইউনাইটেডের ইতিহাসের সবচেয়ে বাজে সময় পার করছি। এটা গর্বের বিষয় হতে পারে না। আমাদের বদলাতে হবে। আমরা হারতে পারি, কিন্তু নিজেদের অবস্থান এবং কৌশল ধরে রাখতে হবে।'

তিনি আরও বলেন, 'পুরোপুরি নতুন একটি ধারণা মাঠে নামানো কঠিন, বিশেষ করে যখন টানা তিনটি ম্যাচে জয় নেই। কিন্তু আমি আমার পথে চলতেই থাকব। খেলোয়াড়দের সাহায্য করতে হলে তাদের সঠিক টুল দিতে হবে, কিন্তু যদি তারা শৃঙ্খলা না মানে, তাহলে সবই বৃথা।'

ম্যাচের তিন দিন আগে সাউথ্যাম্পটনের বিপক্ষে জয় শেষে ক্লাবের সংখ্যালঘু মালিক স্যার জিম র‌্যাটক্লিফের সঙ্গে ২০ মিনিট আলোচনা করেছিলেন আমোরিম। ইউনাইটেডের পরিচালনা পর্ষদও তার কৌশলকে সমর্থন দিতে লেচের উইং-ব্যাক প্যাট্রিক ডর্গুকে দলে নেওয়ার চেষ্টা করছে।

অবশ্য আমোরিমের প্রতিক্রিয়া অনেকটা স্যার অ্যালেক্স ফার্গুসনের বিখ্যাত 'হেয়ার ড্রায়ার ট্রিটমেন্টের' কথা মনে করিয়ে দেয়। তবে এবার তার তীব্র সমালোচনার মাধ্যমে তিনি দলের প্রতি একটি কঠিন বার্তা দিয়েছেন।

ম্যানচেস্টার ইউনাইটেড এখন নিজেদের পুনর্গঠনে ব্যস্ত। কিন্তু এই ধরণের পরাজয় এবং কোচের প্রতিক্রিয়া তাদের অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। ইউরোপা লিগে রেঞ্জার্সের বিপক্ষে ম্যাচে আমোরিমের দল কেমন সাড়া দেয়, সেটাই এখন দেখার বিষয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত