রশিদ-নবীকে আফগান নারী ক্রিকেটারদের কষ্ঠস্বর হওয়ার আহ্বান

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৮:৩৯ পিএম

আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের পুরুষ দলকে নিষিদ্ধ না করে, বরং নারীদের জন্য সমান অধিকার নিশ্চিত করার দাবিতে তাদের আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাসিত দুই আফগান নারী ক্রিকেটার। ফিরোজা আমিরি এবং বেনাফশা হাশিমি, যারা বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন, তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন ইএসপিএন ক্রিকইনফোর-এর ‘পাওয়ারপ্লে’ পডকাস্টে।

২০২১ সালে তালেবানের শাসন শুরু হওয়ার পর আফগানিস্তানে নারীদের খেলাধুলা, শিক্ষা এবং কর্মসংস্থানের ওপর নিষেধাজ্ঞা আরোপিত হয়। এর ফলে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) কোনো নারী দল গঠন করতে পারেনি, যা আইসিসি’র পূর্ণ সদস্যপদের শর্ত ভঙ্গের সামিল। তবে, আফগান পুরুষ দল আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণ অব্যাহত রেখেছে।

অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্বীকৃতি জানিয়েছে, যদিও আইসিসি ইভেন্টে তাদের অংশগ্রহণের অনুমতি রয়েছে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা ১৯৭০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বর্ণবৈষম্যের কারণে আন্তর্জাতিক অঙ্গনে যে নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছিল, তা উল্লেখ করে আফগানিস্তানের পুরুষ দলকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। তবে, ক্রিকেট দক্ষিণ আফ্রিকা মনে করে, পুরুষ দলকে শাস্তি দেওয়ার মাধ্যমে নারীদের অবস্থার পরিবর্তন সম্ভব নয়।

ফিরোজা আমিরি বলেন, 'পুরুষ দল আমাদের জন্য একটি আশার প্রতীক। কিন্তু যখন নারীরা কোনো সুযোগ পায় না, এটি অত্যন্ত হতাশাজনক। পুরুষরা যা করতে পারে, নারীরাও তা করতে পারে।'

বেনাফশা হাশিমি জানান, 'আমাদের পুরুষ দল দারুণ খেলছে। তারা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে, যা গর্বের। কিন্তু নারীদের জন্য কিছুই না হওয়া দুঃখজনক।'

পুরুষ দলকে নিষিদ্ধ করার বদলে তাদের নারীদের সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই দুই নারী ক্রিকেটার। আমিরি বলেন, 'পুরুষরা আমাদের সমর্থন করলে তা নারীদের জন্য পথ তৈরি করতে পারে। তাদের উচিত আমাদের কণ্ঠস্বর হওয়া। তারা এখন দেশের সবচেয়ে প্রভাবশালী মানুষ।'

অস্ট্রেলিয়ান ক্রিকেটার মেল জোনস, যিনি আফগান নারী ক্রিকেটারদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, মনে করেন নিষেধাজ্ঞার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয়। তিনি বলেন, 'এই পরিস্থিতি অত্যন্ত জটিল। কিন্তু বিশ্ব নেতাদের উচিত এই নারীদের কণ্ঠস্বর শোনা। সমস্যাটি উপেক্ষা না করে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা উচিত।'

৩০ জানুয়ারি মেলবোর্নে ‘ক্রিকেট উইথআউট বর্ডারস’-এর বিপক্ষে আফগান নারী একাদশের একটি ম্যাচ আয়োজনের ঘোষণা এসেছে। এটি নতুন করে নারীদের জন্য সম্ভাবনার দিগন্ত উন্মোচন করতে পারে।

আফগান নারী ক্রিকেটারদের কণ্ঠস্বর আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছে। পুরুষ দলের সাফল্য যেমন গর্বের, তেমনি নারীদের স্বপ্ন পূরণের পথ তৈরি করাও সমান গুরুত্বপূর্ণ। নিষেধাজ্ঞার চেয়ে সমর্থন এবং সহযোগিতার মাধ্যমে একটি টেকসই সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছে ক্রিকেট বিশ্ব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত